Breaking News

‘মামলা থেকে সরে যাওয়ার হুমকি, আইনজীবীর উপর ছুরি-হামলা! কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর বাপ্পাদিত্য

প্রসেনজিৎ ধর, কলকাতা :-প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বিরুদ্ধে ফের গুরুতর অভিযোগ। এবার তাঁর বিরুদ্ধে এক মহিলা আইনজীবীর উপর হামলায় মদত দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পাটুলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই আইনজীবী। তাঁর দাবি, বাপ্পাদিত্য দাশগুপ্তের মামলা থেকে সরে দাঁড়ানোর জন্য তাঁকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল। সেই চাপ সৃষ্টি করতেই তাঁর উপর ছুরি নিয়ে হামলা চালানো হয়েছে।অভিযোগ, তোলাবাজি, ভয় দেখানো-সহ একাধিক মামলায় গ্রেফতার হওয়া বাপ্পাদিত্য দাশগুপ্তের বিরুদ্ধে চলা আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন ওই মহিলা আইনজীবী। সেই কারণেই গত কয়েকদিন ধরে তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। বিষয়টি তিনি আগেই পাটুলি থানার ওসি, কলকাতা পুলিশের কমিশনার-সহ শীর্ষ পুলিশ কর্তাদের লিখিতভাবে জানিয়েছিলেন।আইনজীবীর অভিযোগ, সেই অভিযোগ জমা দিতেই রাতে পাটুলি থানায় যাওয়ার পথে তাঁর উপর হামলা হয়। দীর্ঘক্ষণ ধরে কয়েকজন দুষ্কৃতী তাঁর পিছু নিয়েছিল। রাত প্রায় ১০টা ৫০ মিনিট নাগাদ গাড়ি থেকে নামতেই দু’জন দুষ্কৃতী তাঁর উপর এলোপাথাড়ি ছুরি চালায়। হামলায় তাঁর হাতে একাধিক জায়গায় গুরুতর আঘাত লাগে। অভিযোগ, পালানোর সময় হামলাকারীরা হুমকি দিয়ে বলে, “এটা ট্রায়াল দিলাম। বাপ্পাদিত্য আর সৌরভের সব কেস থেকে সরে যা, না হলে পরের বার আরও খারাপ হবে।”
হামলাকারীদের মুখে বাপ্পাদিত্য দাশগুপ্ত ও সৌরভ ঘোষের নাম শুনেই তাঁদের অনুগামীরাই এই হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ প্রকাশ করেছেন ওই আইনজীবী। তিনি অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে কঠোর পদক্ষেপের আবেদন জানিয়েছেন।
উল্লেখ্য, কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে এর আগেই তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার করেছে পাটুলি থানার পুলিশ। একই মামলায় গ্রেফতার হয়েছেন ওই ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি সৌরভ ঘোষও। বর্তমানে দু’জনেই পুলিশি হেফাজতে রয়েছেন। এর মধ্যেই তাঁদের নাম জড়িয়ে আইনজীবীর উপর হামলার অভিযোগ সামনে আসায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত পৃথক কোনও এফআইআর দায়ের হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *