Breaking News

হাইকোর্টের শর্ত মেনে ২১ জুলাইয়ের প্রস্তুতি চূড়ান্ত, সেন্ট ক্যাথিড্রাল রোডে সমাবেশস্থল পরিদর্শনে কুণাল ঘোষ-দোলা সেন!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া সব শর্ত মেনেই ২১ জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি চূড়ান্ত করল ‘কালীঘাট তৃণমূল’। আদালতের নির্দেশ অনুযায়ী, শনিবার বিকেল ৪টার মধ্যে ২০ জন স্বেচ্ছাসেবকের নামের তালিকা কলকাতা পুলিশের কাছে জমা দেওয়া হয়। বিকেলেই লালবাজারে গিয়ে সেই তালিকা জমা দেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায়। পুলিশকে জানানো হয়েছে, সেন্ট ক্যাথিড্রাল রোডে রবীন্দ্র সদন সংলগ্ন রাস্তাতেই হবে এই কর্মসূচি।লালবাজার থেকে বেরিয়ে কুণাল ঘোষরা সরাসরি সমাবেশস্থল পরিদর্শনে যান। সেখানে তাঁদের সঙ্গে যোগ দেন রাজ্যসভার সাংসদ দোলা সেন। আদালতের নির্দেশ মেনে কীভাবে মঞ্চ তৈরি হবে, কোথায় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব সামলাবেন এবং কীভাবে গোটা কর্মসূচি পরিচালিত হবে, তা খতিয়ে দেখা হয়। কালীঘাট তৃণমূল সূত্রে খবর, আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনেই সমাবেশ সফল করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ দিনের সভায় প্রধান বক্তা হিসেবে থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বক্তব্য রাখবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
প্রসঙ্গত, গত বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য এই কর্মসূচির অনুমতি দিয়ে স্পষ্ট জানিয়ে দেন, সর্বোচ্চ তিন হাজার মানুষ নিয়ে সমাবেশ করা যাবে। বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে রাস্তার একটি দিক ব্যবহার করে সভা করতে হবে এবং অন্য দিক দিয়ে স্বাভাবিক যান চলাচল অব্যাহত রাখতে হবে। আদালত আরও নির্দেশ দিয়েছে, দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যেই কর্মসূচি শেষ করতে হবে। কালীঘাট তৃণমূলের পক্ষে এই মামলাটি দায়ের করেছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। গত ২২ জুন সমাবেশের অনুমতি চেয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিল সংগঠনটি।
এ বার ২১ জুলাইয়ের রাজনৈতিক ছবি আগের তুলনায় অনেকটাই ভিন্ন। একদিকে শহিদ মিনারে কংগ্রেসের শহিদ দিবসের কর্মসূচি, অন্যদিকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহী তৃণমূলের পাল্টা সমাবেশ ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে। এই বহুমুখী রাজনৈতিক লড়াইয়ের আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূলের সমাবেশ ঘিরে রাজনৈতিক মহলের আগ্রহ তুঙ্গে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *