প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজারহাট বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত মহম্মদ শামিমকে গ্রেফতার করল কামারহাটি থানার পুলিশ। শুক্রবার রাতে রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের সুপারিবাগান এলাকায় ভাড়া বাড়িতে বিস্ফোরণের ঘটনার পর থেকেই তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছিল। অবশেষে কয়েক ঘণ্টার অভিযানের পর কামারহাটি থেকে শামিমকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শাহেনশাহ নামে এক দালালের মাধ্যমে দক্ষিণ নারায়ণপুরের ওই বাড়িটি ভাড়া নিয়েছিলেন শামিম। তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে, শুক্রবার রাতে একটি ব্যাগে সুতলি বোমা ভরে ওই বাড়িতে পাঠানো হয়েছিল। অভিযোগ, এক নাবালকের হাতে সেই ব্যাগ পৌঁছে দেওয়া হয়। ব্যাগটি বাড়িতে রাখার কিছুক্ষণের মধ্যেই বিকট বিস্ফোরণ ঘটে। ঘটনার পর তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকে আরও দুটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। পরে বোম স্কোয়াড এসে সেগুলি নিষ্ক্রিয় করে।
বিস্ফোরণের পর থেকেই শামিমের খোঁজে তল্লাশি শুরু হয়। তবে যে পরিচয়পত্র জমা দিয়ে বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল, তদন্তে দেখা যায় সেই ঠিকানায় শামিম নামে কাউকে পাওয়া যায়নি। এরপরই তদন্তের গতি আরও বাড়ায় পুলিশ। শনিবার অভিযান চালিয়ে কামারহাটি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
এই ঘটনার পর একাধিক প্রশ্নের মুখে তদন্ত। আবাসিক এলাকায় কেন বোমা মজুত করা হয়েছিল? কেন এক নাবালকের মাধ্যমে বিস্ফোরকভর্তি ব্যাগ পৌঁছে দেওয়া হল? এর নেপথ্যে কি কোনও বড়সড় নাশকতার ছক ছিল? এই সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ধৃত ও সন্দেহভাজনদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতিও নেওয়া হচ্ছে, যাতে গোটা চক্রের যোগসূত্র সামনে আসে।এদিকে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-ও ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি স্থানীয় বাসিন্দা এবং অন্য ভাড়াটিয়াদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং এর নেপথ্যের উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু বলতে নারাজ তদন্তকারী সংস্থাগুলি।
প্রসঙ্গত, শুক্রবার রাতে দক্ষিণ নারায়ণপুরের সুপারিবাগানের একটি ভাড়া বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক ব্যক্তি জখম হন। তদন্তে জানা গিয়েছে, কয়েকদিন আগেই ওই বাড়ির একটি ঘর ভাড়া নিয়েছিলেন শামিম। ঘটনার দিন তিনি একটি সাদা ব্যাগ নিয়ে বাড়িতে ঢোকেন। ব্যাগটি রেখে বেরিয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিস্ফোরণ ঘটে। গোটা ঘটনাই এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, যা ইতিমধ্যেই তদন্তের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে খতিয়ে দেখছে|
Hindustan TV Bangla Bengali News Portal