দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা। অবশেষে সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। বিধানসভা ভোটের আগে বিজেপির দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বুধবার অর্থ দফতর আনুষ্ঠানিকভাবে কমিশন গঠনের নির্দেশিকা প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা কার্যকর করতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি কর্মচারীদের বেতন, মহার্ঘ ভাতা (ডিএ), বিভিন্ন ভাতা, পেনশন এবং অবসর-পরবর্তী সুযোগ-সুবিধির সামগ্রিক পর্যালোচনা করবে সপ্তম বেতন কমিশন। ট্রাভেল অ্যালাউয়েন্স, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা-সহ অন্যান্য ভাতার কাঠামোও নতুন করে খতিয়ে দেখা হবে। কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে সুপারিশ-সহ চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার অতনু চক্রবর্তীকে। সদস্য হিসেবে রয়েছেন সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র ফেলো ড. পার্থ মুখোপাধ্যায় এবং আইআইএম কলকাতার অর্থনীতির অধ্যাপক ড. পার্থ প্রতিম পাল। কমিশনের সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আইএএস অফিসার দেবীপ্রসাদ করনম।বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন পান। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্ষেত্রে ২০১৬ সাল থেকেই সপ্তম বেতন কমিশন কার্যকর রয়েছে। ফলে দীর্ঘদিন ধরেই রাজ্য ও কেন্দ্রের বেতনের ব্যবধান নিয়ে অসন্তোষ ছিল কর্মচারীদের একাংশের মধ্যে। নতুন কমিশনের সুপারিশ কার্যকর হলে সেই ব্যবধান অনেকটাই কমতে পারে বলে মনে করা হচ্ছে।সপ্তম বেতন কমিশনের অন্যতম ভিত্তি হল ফিটমেন্ট ফ্যাক্টর। সাধারণভাবে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর অনুসারে কর্মীদের মূল বেতন উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। উদাহরণ হিসেবে, কারও বর্তমান মূল বেতন যদি ২০ হাজার টাকা হয়, তবে নতুন কাঠামোতে তা প্রায় ৫১ হাজার ৪০০ টাকায় পৌঁছাতে পারে। পাশাপাশি কেন্দ্রীয় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএ, বাড়িভাড়া ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে।
Hindustan TV Bangla Bengali News Portal