Breaking News

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার! মেট্রো স্টেশনের পিলারে ফাটল ঘিরে তীব্র উদ্বেগ, বন্ধ হবে পরিষেবা? কী জানাল কর্তৃপক্ষ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতা মেট্রোর গ্রিন লাইনের সিটি সেন্টার স্টেশনের একটি পিলারে ফাটল ধরা পড়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। স্টেশনের বাইরের দিকের একটি পিলারে এই ফাটল দেখা যাওয়ার পরই নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। অনেকের মনেই ফিরে আসে বছরখানেক আগে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হয়ে যাওয়ার ঘটনার স্মৃতি। তবে পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলেই আশ্বাস দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করেন। ব্যস্ত সময়ে এই রুটে ব্যাপক ভিড় থাকে। তাই সিটি সেন্টার স্টেশনের পিলারে ফাটলের খবর সামনে আসতেই স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
ঘটনার খবর পেয়ে মেট্রোর চিফ ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং অন্যান্য সিনিয়র আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক পরীক্ষার পর মেট্রো কর্তৃপক্ষ জানায়, ফাটলটি শুধুমাত্র পিলারের বাইরের আবরণে বা সারফেসে দেখা গিয়েছে। মূল কাঠামো বা লোড-বহনকারী অংশে কোনও ক্ষতি হয়নি। ইতিমধ্যেই প্রয়োজনীয় মেরামতির কাজ শুরু হয়েছে এবং স্টেশন সম্পূর্ণ নিরাপদ বলেই দাবি করেছে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, বছরখানেক আগে ব্লু লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের একটি পিলারে ফাটল ধরা পড়ার পর স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছিল। দীর্ঘমেয়াদি মেরামতির জন্য এখনও সেখানে পরিষেবা স্বাভাবিক হয়নি। সেই অভিজ্ঞতার জেরেই সিটি সেন্টার স্টেশন নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে|তবে মেট্রো কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, সিটি সেন্টার স্টেশনের ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। বর্তমানে স্টেশন বন্ধ করার কোনও পরিকল্পনা নেই। যাত্রীরা নিশ্চিন্তে পরিষেবা ব্যবহার করতে পারেন বলেও জানানো হয়েছে। পাশাপাশি নিয়মিত নজরদারি চালিয়ে দ্রুত মেরামতির কাজ শেষ করা হবে বলে আশ্বাস দিয়েছে মেট্রো।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *