Breaking News

‘তৃণমূলের শিল্পবিমুখতার জেরেই কর্মসংস্থানে বাংলার ভয়াবহ অবস্থা’, রোজগার মেলার মঞ্চ থেকে কড়া আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দুর!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যে কর্মসংস্থানের বর্তমান পরিস্থিতির জন্য পূর্ববর্তী তৃণমূল সরকারের শিল্পনীতি ও বিনিয়োগের অভাবকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার রোজগার মেলার মঞ্চ থেকে তিনি দাবি করেন, দীর্ঘদিন শিল্পায়ন থমকে থাকায় নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়নি। বড় শিল্প না আসায় অনুসারী শিল্পেরও বিকাশ ঘটেনি এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME) ক্ষেত্রও উপেক্ষিত থেকেছে।মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে ফুড প্রসেসিং শিল্পের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও তা কাজে লাগানো হয়নি। রাজ্যে আম, আনারস, ফুল-সহ একাধিক কৃষিভিত্তিক সম্পদ থাকা সত্ত্বেও পরিকল্পনার অভাবে সেই সম্ভাবনা বাস্তব রূপ পায়নি। তাঁর দাবি, বাংলার মানবসম্পদ দেশের অন্যতম সেরা, তাই সেই দক্ষ জনশক্তিকেই আগামী দিনে শিল্প ও কর্মসংস্থানের মূল ভিত্তি হিসেবে গড়ে তোলা হবে।
শুভেন্দুর অভিযোগ, তৃণমূল আমলে বিনিয়োগকারীরা রাজ্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। কেন্দ্রের বিশ্বকর্মা যোজনাও পশ্চিমবঙ্গে কার্যকর হয়নি। তিনি জানান, ওই প্রকল্পে প্রায় ৮ লক্ষ ৬৫ হাজার আবেদন জমা পড়েছিল, যা বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দ্রুত প্রক্রিয়াকরণের ব্যবস্থা করেছে।তরুণদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় বর্তমান চাকরির বাজারের চাহিদা পূরণ সম্ভব নয়। তাই দক্ষতা উন্নয়ন, কারিগরি শিক্ষা এবং হাই-স্কিল ও সেমি-স্কিল প্রশিক্ষণের উপর বিশেষ জোর দিচ্ছে সরকার। সেই লক্ষ্যেই রাজ্যে আরও বেশি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
পাশাপাশি রাজ্যের পলিটেকনিক প্রতিষ্ঠানগুলির মানোন্নয়নের কথাও ঘোষণা করেন তিনি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে শুধুমাত্র বাণিজ্যিক মনোভাব নিয়ে চলার পরিবর্তে স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং মানসম্পন্ন শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই পরিবর্তনের পথে সরকারও প্রয়োজনীয় সহযোগিতা করবে। নিয়োগ প্রক্রিয়া নিয়েও বড় বার্তা দেন শুভেন্দু অধিকারী। তাঁর ঘোষণা, স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন-সহ সমস্ত সরকারি নিয়োগকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা হবে। কেন্দ্রীয় UPSC-এর স্বচ্ছ নিয়োগ পদ্ধতি এবং প্রধানমন্ত্রীর রোজগার মেলার মডেল অনুসরণ করেই ভবিষ্যতে রাজ্যে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে বলে জানান তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *