দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশু ও মহিলা উপভোক্তাদের আরও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পথে রাজ্য সরকার। বুধবারের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গরম খাবার ও সকালের জলখাবারে ডিম সরবরাহের জন্য প্লেটপিছু অতিরিক্ত ২ টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব অনুমোদনের জন্য আনা হয়েছে। প্রস্তাব কার্যকর হলে প্রতিদিন প্রতিটি মহিলা ও শিশু উপভোক্তার খাবারের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হবে।
এই সিদ্ধান্ত এমন এক সময়ে সামনে এল, যখন রাজ্যের সরকারি স্কুলগুলির মিড-ডে মিল নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কলকাতা পুর এলাকার স্কুলগুলির মিড-ডে মিল পরিচালনার দায়িত্ব ইতিমধ্যেই ইসকনকে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পর্যায়ক্রমে গোটা রাজ্যের স্কুলগুলির মিড-ডে মিল পরিচালনার দায়িত্বও ইসকনের হাতে তুলে দেওয়া হবে। ইসকনের পক্ষ থেকে সম্পূর্ণ নিরামিষ খাবার পরিবেশনের পরিকল্পনার কথা জানানো হয়েছে, যা নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা শুরু হয়েছে।
এই আবহেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ডিমের জন্য আলাদা বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল। এর আগে রাজ্য বাজেটে মিড-ডে মিলের জন্যও বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। পড়ুয়াপিছু বরাদ্দ ৬ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে, যাতে শিশুদের আরও উন্নত ও পুষ্টিকর খাবার দেওয়া যায়। পাশাপাশি মিড-ডে মিলের রাঁধুনিদের মাসিক সম্মানিকও ১,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।
এদিনের ক্যাবিনেট বৈঠকে পুষ্টি সংক্রান্ত সিদ্ধান্তের পাশাপাশি আরও একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাবও অনুমোদনের জন্য আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘পশ্চিমবঙ্গ পঞ্চায়েত (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’-এর মাধ্যমে কার্যপ্রণালী নির্দেশিকায় পরিবর্তন এবং ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া ও বিএসএফের পরিকাঠামো নির্মাণের জন্য উত্তর দিনাজপুর, নদিয়া-সহ বিভিন্ন জেলায় সরকারি জমি হস্তান্তরের প্রস্তাব।
Hindustan TV Bangla Bengali News Portal