প্রসেনজিৎ ধর :- দিল্লির যন্তরমন্তরের ছাত্র আন্দোলনে সরাসরি যোগ দিতে সোমবার রাজধানীর উদ্দেশে রওনা দিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ের শহিদ সমাবেশের মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেছিলেন, নিট প্রশ্নফাঁস, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং ছাত্রদের ন্যায্য অধিকারের দাবিতে চলা আন্দোলনের পাশে তৃণমূল থাকবে। প্রয়োজনে তিনি নিজেও আন্দোলনের মঞ্চে গিয়ে ছাত্র-যুবদের পাশে দাঁড়াবেন বলেও জানিয়েছিলেন। সেই ঘোষণার পরই সোমবার দিল্লি সফরে যাচ্ছেন তিনি।
দলীয় সূত্রের খবর, রাজধানীতে পৌঁছে যন্তর মন্তরে আন্দোলনরত ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র অবস্থান মঞ্চে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে তাঁদের দাবির প্রতি সংহতি জানাবেন বলেই খবর। নিট প্রশ্নফাঁস, নিয়োগে স্বচ্ছতা, শিক্ষাব্যবস্থায় সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ-সহ একাধিক দাবিতে দীর্ঘদিন ধরে যন্তর মন্তরে অবস্থান চালিয়ে যাচ্ছে ছাত্র-যুবদের এই রাজনৈতিক সংসর্গবিহীন সংগঠন।
উল্লেখ্য, এই আন্দোলনের আগে শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক লাদাখের বিভিন্ন দাবিতে টানা ২৬ দিন অনশনে বসেছিলেন। পরে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে আলোচনার পর তিনি অনশন প্রত্যাহার করেন। এরপর ‘ককরোচ জনতা পার্টি’-র প্রতিনিধিরাও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করে নিজেদের দাবিপত্র জমা দেন। যদিও তাঁদের দাবি, নিট কেলেঙ্কারির ঘটনায় এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে সন্তোষজনক কোনও পদক্ষেপ করা হয়নি।এদিকে দিল্লিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের অভিযোগ ঘিরে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতেই আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতাতেও এই আন্দোলনের সমর্থনে বিভিন্ন ছাত্র সংগঠনের মিছিল ও অবস্থান কর্মসূচি হয়েছে। সেই আবহে এবার সরাসরি দিল্লিতে গিয়ে আন্দোলনের মঞ্চে উপস্থিত হয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক বার্তা দিতে চলেছেন তৃণমূল নেত্রী। তাঁর এই সফরকে ঘিরে জাতীয় রাজনীতিতেও নতুন করে জল্পনা শুরু হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal