নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- আইনজীবী বদলে ফেলল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এসএসসির গুরুত্বপূর্ণ মামলার আগেই সরিয়ে দেওয়া হল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee)। তিনি আর এসএসসির কোনও মামলায় সওয়াল করবেন না। কল্যাণের জায়গায় আইনজীবী ইন্দ্রনীল রায়কে নিয়োগ করা হয়েছে। তাঁর সঙ্গে জুনিয়র হিসেবে কাজ করবেন আইনজীবী সুনীত রায়।শুক্রবার কলকাতা হাই কোর্টে এসএসসি-র মেয়াদ উত্তীর্ণ প্যানেল সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। তখনই আইনজীবী বদলের বিষয়টি প্রকাশ্যে এসেছে। এসএসসি-র হয়ে একাধিক মামলায় কল্যাণ সওয়াল করেছিলেন। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে আইনজীবী বদল করা হয়েছে। শুক্রবার থেকে নতুন আইনজীবী এসএসসি-র মামলায় সওয়াল করছেন। যদিও ‘অপসারণ’-এর তত্ত্ব মানতে চাননি কল্যাণ। তাঁর দাবি, সরকার পরিবর্তনের পর থেকেই রাজ্য এবং এসএসসি সংক্রান্ত সমস্ত মামলা থেকে তিনি সরে গিয়েছিলেন। তাই নতুন করে অপসারণের প্রশ্ন ওঠে না। কল্যাণের কথায়, ‘‘৪ মে-র পরেই আমি রাজ্যের বা এসএসসি-র তরফে সব মামলা থেকে সরে দাঁড়িয়েছি। আমাকে সরানো হয়নি।’’
কল্যাণের বদলে এসএসসি-র তরফে নিয়োগ করা হয়েছে সিনিয়র আইনজীবী ইন্দ্রনীল রায়কে। তাঁর সঙ্গে জুনিয়র হিসাবে কাজ করছেন আইনজীবী সুনীত রায়। উল্লেখ্য, চলতি মাসেই এসএসসি-র নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন আইএএস আধিকারিক দুষ্যন্ত নারিয়ালা। বিধানসভা নির্বাচনের আগে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ছিলেন। পরে মনোজ অগ্রবালকে ওই পদে নিয়োগ করা হয়। দুষ্যন্তকে দিল্লিতে রেসিডেন্ট কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছিল। তার সঙ্গেই এসএসসি চেয়ারম্যানের দায়িত্বও তিনি সামলাচ্ছেন। তিনি আইনজীবী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।উল্লেখ্য, রাজ্যে এসএসসি-র শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে বিবিধ মামলা চলছে। অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও সেই প্যানেল থেকে অনেকে চাকরি পেয়েছেন। শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে সেই সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। সেখানে এসএসসি-র হয়ে সওয়াল করবেন ইন্দ্রনীল এবং সুনীত। অতীতে এসএসসি-র একাধিক মামলায় সওয়াল করলেও বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর কল্যাণকে আর কমিশনের মামলায় সে ভাবে দেখা যাচ্ছিল না। যদিও ভোটের আগে পর্যন্ত তিনি সক্রিয় ছিলেন।
Hindustan TV Bangla Bengali News Portal