প্রসেনজিৎ ধর:- কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। শনিবার কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান সংগঠনের প্রতিনিধিরা। নিট প্রশ্নপত্র ফাঁস-সহ একাধিক ইস্যুকে সামনে রেখে আন্দোলনে নেমেছিল সিজেপি। সেই আন্দোলনে সমাজকর্মী সোনম ওয়াংচুকের সমর্থনের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রী এবং বিরোধী রাজনৈতিক দলগুলিও শামিল হয়। আন্দোলনের জেরে রাজধানী দিল্লির জনজীবনও একাধিকবার ব্যাহত হয়েছিল।সরকারের কাছে সিজেপির তিনটি প্রধান দাবি ছিল— শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার এবং নিট প্রশ্নপত্র ফাঁসের জেরে আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ। এর আগে দু’দফা বৈঠক হলেও সমাধান হয়নি। তবে শনিবার বৈঠকের আগেই ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেন।
বৈঠকের পর সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, প্রথম দাবি ইতিমধ্যেই পূরণ হয়েছে। পাশাপাশি কেন্দ্র আশ্বাস দিয়েছে, দিল্লি-সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার করা হবে এবং ভবিষ্যতেও তাঁদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা হবে না। পাশাপাশি, নিট প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারের জন্য সর্বোচ্চ আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও ইতিবাচক আশ্বাস দিয়েছে কেন্দ্র।
সরকারের এই আশ্বাসের পরই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করে সিজেপি।
Hindustan TV Bangla Bengali News Portal