Breaking News

অতীন ঘোষকে আপাতত গ্রেফতার নয়, নির্দেশ হাই কোর্টের! রক্ষাকবচ শেষ হলেই গ্রেফতার কেন, রাজ্যকে তীব্র প্রশ্ন বিচারপতির

প্রসেনজিৎ ধর, কলকাতা :- তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষের বিরুদ্ধে দায়ের হওয়া জমি সংক্রান্ত অনিয়মের মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মামলার শুনানি বিচারাধীন থাকাকালীন তাঁকে যেন গ্রেফতার না করা হয়, তা নিশ্চিত করতে রাজ্য সরকার ও পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। সোমবার তাঁর আগাম জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে মঙ্গলবার হওয়ার সম্ভাবনা রয়েছে। ততদিন পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে আদালত।
জানা গিয়েছে, জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগে দায়ের হওয়া এই মামলায় শুধু অতীন ঘোষ নন, তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষের নামও জড়িয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের দু’জনকেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। এরপরই সম্ভাব্য গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়ে আগাম জামিনের আবেদন করেন কাশীপুর-বেলগাছিয়ার প্রাক্তন বিধায়ক। তাঁর পক্ষে আদালতে সওয়াল করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য।সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা সম্পূর্ণ না হওয়ায় পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য হতে পারে। সেই পরিস্থিতিতে আদালত নির্দেশ দেয়, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত অতীন ঘোষের বিরুদ্ধে কোনও গ্রেফতারির পদক্ষেপ করা যাবে না।
শুনানির সময় একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণও করে হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন তোলেন, সাম্প্রতিক সময়ে রক্ষাকবচ বা অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার প্রবণতা কেন দেখা যাচ্ছে। বিচারপতির মন্তব্য, “রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার এক দিনের মধ্যেই গ্রেফতার করা হচ্ছে। বহু ক্ষেত্রেই এমনটা দেখা যাচ্ছে। আদালতের উপর আস্থা নেই?” আদালতের এই পর্যবেক্ষণকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আইনজীবী মহলের একাংশ।এর জবাবে রাজ্যের আইনজীবী আদালতে জানান, পুলিশ কোনও নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে পদক্ষেপ করে না। তদন্তে প্রাপ্ত তথ্য, পরিস্থিতি এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি বিচারপতির পর্যবেক্ষণ সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার কাছে পৌঁছে দেওয়া হবে বলেও তিনি আদালতকে আশ্বস্ত করেন।উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই অতীন ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে। তারই মধ্যে জমি সংক্রান্ত অনিয়মের এই মামলায় তদন্ত শুরু করে পুলিশ। বর্তমানে সেই মামলার আইনি প্রক্রিয়া চললেও, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে কোনও গ্রেফতারিমূলক পদক্ষেপ করা যাবে না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *