Breaking News

‘মানুষকে শান্তিতে থাকতে দিন’, শুভেন্দু অধিকারীর করা পুরনো আদালত অবমাননার মামলা খারিজ কলকাতা হাইকোর্টের!তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার

প্রসেনজিৎ ধর, কলকাতা :- তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা বহুদিনের পুরনো আদালত অবমাননার মামলার নিষ্পত্তি করল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানির পর আবেদনটি খারিজ করে দেওয়া হয়। একই সঙ্গে বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, “এই মামলা আর এগিয়ে নিয়ে যেতে চাই না। মানুষকে শান্তিতে থাকতে দিন।”মামলার সূত্রপাত হয়েছিল তৃণমূল সরকারের আমলে। সেই সময় বিধানসভার নিরাপত্তা ব্যবস্থা এবং স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ছিল, বিধানসভার সচিবের জারি করা নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা সব বিধায়কের ক্ষেত্রে সমানভাবে কার্যকর করা হচ্ছিল না।শুভেন্দু অধিকারীর দাবি ছিল, তৎকালীন মুখ্যমন্ত্রী ও শাসকদলের বিধায়কদের নিরাপত্তারক্ষীদের বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হলেও বিরোধী বিধায়কদের নিরাপত্তারক্ষীদের ক্ষেত্রে কড়াকড়ি করা হত। এই বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে তৎকালীন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছিলেন তিনি।
সোমবার মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী আদালতকে জানান, অভিযুক্তদের উদ্দেশে একাধিকবার নোটিস পাঠানো হলেও তাঁরা আদালতে হাজির হননি। সেই কারণে নতুন করে রুল জারির আবেদন করা হয়। তবে সেই আবেদন গ্রহণ করেননি বিচারপতি অমৃতা সিনহা।
শুনানিতে বিচারপতি বলেন, মামলাটি দায়ের হওয়ার পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে আমূল পরিবর্তন এসেছে। যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে এই মামলা করেছিলেন, তিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই পরিবর্তিত পরিস্থিতির কথা উল্লেখ করেই বিচারপতি মন্তব্য করেন, “মানুষকে শান্তিতে থাকতে দিন।”
এরপরই আদালত জানিয়ে দেয়, বর্তমান পরিস্থিতিতে এই মামলার আর কোনও প্রাসঙ্গিকতা নেই। সেই কারণেই তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা আদালত অবমাননার আবেদন খারিজ করে দিয়ে মামলার নিষ্পত্তি করে কলকাতা হাই কোর্ট।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *