Breaking News

ইটভাটা-কাণ্ডে ৩০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, অনুব্রত মণ্ডলের আগাম জামিন মঞ্জুর!তদন্ত চলবে, জানাল কলকাতা হাইকোর্ট

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আর্থিক প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় স্বস্তি পেলেন ঋতব্রত-তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেন। একইসঙ্গে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, তদন্ত চলবে, তবে এই মুহূর্তে অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে আদালত মনে করছে না।রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা দায়ের হয়েছে। সেই আবহেই বীরভূমের একটি ইটভাটা সংক্রান্ত প্রায় ৩০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার মামলায় নাম জড়ায় অনুব্রত মণ্ডলের। সম্ভাব্য গ্রেফতারির আশঙ্কায় প্রথমে সিউড়ি জেলা জজ আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি। তবে সেই আবেদন গ্রহণ করেনি জেলা আদালত। এরপর কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অনুব্রত। সোমবার সেই মামলাতেই তাঁকে আগাম জামিনের স্বস্তি দেয় হাই কোর্ট।
শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পর্যবেক্ষণ করেন, অভিযোগের ঘটনাটি বহুদিন আগের। তদন্ত অবশ্যই চলবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা আদালতের কাছে প্রতীয়মান হয়নি। সেই কারণেই আগাম জামিন মঞ্জুর করা হয়েছে। তবে জামিনের সঙ্গে একাধিক শর্তও বেঁধে দিয়েছে আদালত। বিচারপতির নির্দেশ, অনুব্রত মণ্ডলকে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে। আগামী ১০ দিনের মধ্যে তদন্তকারী আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং ভবিষ্যতে তদন্তের প্রয়োজনে যখনই ডাকা হবে, তখনই হাজির হতে হবে। প্রসঙ্গত, বোলপুরের বাসিন্দা শুভেন্দু মণ্ডল অনুব্রত মণ্ডল-সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে প্রায় ৩০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করেন। অভিযোগকারীর দাবি, তিনি বিজেপির সমর্থক হওয়ায় অতীতে তাঁর অভিযোগ গুরুত্ব পায়নি এবং তাঁকে নানা ধরনের হেনস্তার শিকার হতে হয়েছিল। সরকার পরিবর্তনের পর তিনি নতুন করে আইনের দ্বারস্থ হয়ে অনুব্রতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।উল্লেখ্য, একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী এবং বীরভূমে তৃণমূলের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় গ্রেফতার হওয়ার পর তাঁর রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়ে। পরে জামিনে মুক্তি পেলেও আগের মতো সাংগঠনিক গুরুত্ব আর ফিরে পাননি। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল’ তৃণমূলে যোগ দেন। বর্তমানে ওই শিবিরের বীরভূম জেলা সভাপতির দায়িত্বে রয়েছেন অনুব্রত মণ্ডল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *