Breaking News

দুর্নীতির বিরুদ্ধে ফের কড়া বার্তা শুভেন্দুর, সিন্ডিকেট-কাটমানি রুখতে চালু চার টোল-ফ্রি হেল্পলাইন! এক ফোনেই অভিযোগ পৌঁছবে মুখ্যমন্ত্রীর দফতরে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির বার্তা আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাটমানি, সিন্ডিকেটরাজ ও প্রশাসনিক অনিয়ম রুখতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের অভিযোগ সরাসরি প্রশাসনের শীর্ষস্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে চালু হল চারটি টোল-ফ্রি হেল্পলাইন নম্বর। একইসঙ্গে পুলিশের জন্যও পৃথক হেল্পলাইন পরিষেবা চালুর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার ভবানী ভবনে রাজ্য পুলিশের সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে চারটি টোল-ফ্রি নম্বরের সূচনা করেন শুভেন্দু অধিকারী। জানানো হয়েছে, নবান্নে একটি বিশেষ কন্ট্রোল রুম থেকে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এই নম্বরগুলিতে আসা অভিযোগ গ্রহণ, যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ হবে।
তবে এই পরিষেবার অপব্যবহার না করার জন্যও কড়া সতর্কবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যক্তিগত শত্রুতা বা প্রতিহিংসার বশে কেউ মিথ্যা অভিযোগ করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
রাজ্যের মুখ্যসচিব মনোজ অগ্রবাল জানান, টোল-ফ্রি নম্বরে আসা প্রতিটি ফোন রেকর্ড করা হবে এবং ভবিষ্যতের প্রয়োজনে সেই রেকর্ড সংরক্ষণ করা হবে। অভিযোগগুলির প্রাথমিক শ্রেণিবিন্যাসে কৃত্রিম মেধা (AI)-এর ব্যবহার করা হবে। এরপর পুলিশ আধিকারিকরা প্রতিটি অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। নির্দিষ্ট সময় অন্তর কতগুলি অভিযোগ এসেছে এবং তার ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই রিপোর্টও মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো হবে।
অনুষ্ঠানে পুলিশের পরিকাঠামো উন্নয়ন এবং কর্মীদের কল্যাণেও একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বর্তমানে পুলিশের প্রায় ৪৭ হাজার শূন্যপদ দ্রুত পূরণ করার পাশাপাশি মোট ১ লক্ষ নিয়োগের লক্ষ্য রয়েছে সরকারের। পাশাপাশি প্রতি লক্ষ জনসংখ্যায় পুলিশের সংখ্যা ধাপে ধাপে ২০০-তে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি। বর্তমানে রাজ্যে সেই হার ১০৬।পুলিশকর্মীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে খেলাধুলার উপর জোর দেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি কেন্দ্রের সহযোগিতায় রাজ্যের ৫৫২টি থানার মধ্যে অন্তত ২৫০টি থানার পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনার কথাও ঘোষণা করেন।
পুলিশকর্মীদের দীর্ঘদিনের দাবির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, যাঁরা ১৫ বছরের বেশি সময় ধরে চাকরি করছেন, তাঁদের নিজ জেলার কাছাকাছি পোস্টিং দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে। এছাড়া আগামী অক্টোবর মাস থেকে পুলিশের রেশন ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ২,০০০ টাকা করার ঘোষণাও করেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *