Breaking News

এখনই গ্রেফতার নয়! জমি দুর্নীতি মামলায় প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ ও তাঁর কন্যাকে ১৪ আগস্ট পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক অতীন ঘোষ এবং তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষকে আপাতত গ্রেপ্তার করা যাবে না। একইসঙ্গে তাঁদের বিরুদ্ধে কোনও কড়া আইনি পদক্ষেপও নিতে পারবে না পুলিশ। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই অন্তর্বর্তীকালীন রক্ষাকবচের নির্দেশ দেন।আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৪ আগস্ট পর্যন্ত এই সুরক্ষা বহাল থাকবে। তবে তার আগে ১০ আগস্ট মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেই সময় পর্যন্ত অতীন ঘোষ ও তাঁর কন্যার বিরুদ্ধে কোনও কঠোর ব্যবস্থা নেওয়া যাবে না।
জমি দখল ও প্রতারণার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার এড়াতে গত ৬ জুন হাইকোর্টের দ্বারস্থ হন অতীন ঘোষ ও প্রিয়দর্শিনী ঘোষ। অভিযোগের ভিত্তিতে প্রথমে প্রগতি ময়দান থানায় এফআইআর দায়ের হয়। পরে তদন্তভার যায় বিধাননগর উত্তর থানার হাতে।এর আগে এই মামলার তদন্তে অতীন ঘোষ ও তাঁর কন্যাকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। এরপরই আগাম আইনি সুরক্ষার আবেদন নিয়ে হাইকোর্টে যান কাশীপুর-বেলগাছিয়ার প্রাক্তন বিধায়ক। তাঁর হয়ে আদালতে সওয়াল করছেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। উল্লেখ্য, আগের শুনানিতেও আদালত জানিয়েছিল, মামলা বিচারাধীন থাকাকালীন অতীন ঘোষকে গ্রেপ্তার করা যাবে না। সে সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্যের উদ্দেশে মন্তব্য করেছিলেন, বিচারাধীন মামলায় অভিযুক্তকে তড়িঘড়ি গ্রেপ্তার করার প্রবণতা দেখা যাচ্ছে। এই ধরনের পরিস্থিতি এড়াতে আদালতের নির্দেশ মেনে চলার উপর জোর দেন তিনি।
জবাবে রাজ্যের আইনজীবী আদালতকে জানান, প্রতিটি ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করেই পুলিশ পদক্ষেপ করে। তবে মামলা বিচারাধীন থাকলে অভিযুক্তের বিরুদ্ধে কোনও কঠোর ব্যবস্থা না নেওয়ার বিষয়টি পুলিশকে জানিয়ে দেওয়া হবে বলেও আদালতকে আশ্বস্ত করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *