Breaking News

নতুন বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়! ৫২ বিঘা সরকারি জমি ও জলাশয় ভরাটে অনিয়মের অভিযোগ, থানায় বিজেপি নেতার লিখিত অভিযোগ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সরকারি জমি হস্তান্তর ও জলাশয় ভরাটের অভিযোগকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)। তাঁর দাবি, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার জিনজিরা বাজার এলাকায় সরকারি লিজপ্রাপ্ত জমি বেআইনিভাবে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়েছে এবং সরকারি নথিভুক্ত একাধিক জলাশয় ভরাট করে জমির চরিত্র পরিবর্তন করা হয়েছে।অভিযোগকারীর দাবি, ১৯৬৮ সালে প্রায় ৫২ বিঘা সরকারি জমি একটি শিল্প সংস্থাকে ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হয়েছিল। সেই লিজের অন্যতম শর্ত ছিল শিল্পের সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় যুবকদের বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। কিন্তু ২০১৬ সালে সরকারের যথাযথ অনুমোদন ছাড়াই সেই শর্ত বাতিল করে জমির ব্যবহার বাণিজ্যিক প্রকল্পের জন্য পরিবর্তন করা হয় বলে অভিযোগ।
এখানেই শেষ নয়। বিজেপি নেতার অভিযোগ, সরকারি রেকর্ডে থাকা ১১টি নথিভুক্ত জলাশয়ের শ্রেণিবিভাগও বদলে দেওয়া হয়। তাঁর দাবি, ২০১৮-১৯ সালে জাল নথি ও ভুয়া মেমো ব্যবহার করে জলাশয়গুলিকে ‘বাস্তু’ জমি হিসেবে দেখানো হয়। পরে সেই জলাশয় ভরাট করে সেখানে একটি লজিস্টিক পার্ক তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
অভিজিৎ দাসের আরও দাবি, গোটা প্রক্রিয়ায় প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার হয়েছে এবং প্রভাব খাটিয়ে সরকারি সিদ্ধান্ত বদলানো হয়েছে। তাঁর অভিযোগ, এই ঘটনায় একাধিক সরকারি আধিকারিক, কয়েকটি বেসরকারি সংস্থা এবং এলাকার প্রভাবশালী জনপ্রতিনিধিদের ভূমিকা থাকতে পারে। সেই কারণেই নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে মহেশতলা থানায় এফআইআর দায়ের করেছেন তিনি।অভিযোগকারী বিজেপি নেতার দাবি, এই অনিয়মের সঙ্গে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ রয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সংশ্লিষ্ট পক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *