নিজস্ব সংবাদদাতা :- রাজ্যে সরকার পরিবর্তনের পর মঙ্গলবার প্রথমবার লোকসভায় বক্তব্য রাখলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্নফাঁস রোধে কেন্দ্রের আনা সংশোধনী বিলকে সমর্থন করলেও, সেই সুযোগেই বিজেপি ও মোদী সরকারের তীব্র সমালোচনা করেন তৃণমূল সাংসদ।
বক্তব্যের শুরুতেই অভিষেক বলেন, “আমি এই বিলকে সমর্থন করছি। কিন্তু কোনও বিলকে সমর্থন করার অর্থ এই নয় যে সরকারের প্রতিটি কাজের প্রশংসা করব। সরকার আগে গোটা ব্যবস্থায় আগুন লাগিয়েছে, এখন এক বালতি জল নিয়ে এসে বাহবা চাইছে। সেই হাততালি আমরা দেব না।”অভিষেক বক্তব্য শুরু করতেই লোকসভায় হট্টগোলের সৃষ্টি হয়। সেই সময় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বিজেপি সাংসদদের উদ্দেশে সরব হন। তিনি অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে আলোচনা ব্যাহত করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করেন স্পিকার। কিছুক্ষণ বাদে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের বক্তব্য শুরু করেন অভিষেক।
বিলের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর বক্তব্য, ২০২৪ সালে আইন আনার পর এত দ্রুত সংশোধনের প্রয়োজন হওয়াই প্রমাণ করে সরকার সমস্যার স্থায়ী সমাধান করতে পারেনি। পরীক্ষার্থীরা স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা চায়, শুধু নতুন বিল আনলেই সমস্যার সমাধান হবে না।কেন্দ্রকে আক্রমণ করে অভিষেক আরও বলেন, প্রশ্নফাঁস রোখার ক্ষেত্রে সরকার বারবার ব্যর্থ হয়েছে। তাঁর কটাক্ষ, যদি প্রশ্নপত্র নিরাপদে পৌঁছে দিতে সামরিক হেলিকপ্টারের প্রয়োজন হয়, তবে দেশের পরীক্ষা ব্যবস্থার অবস্থা সহজেই বোঝা যায়। তাঁর দাবি, এই বিল আসলে সরকারের ব্যর্থতার স্বীকারোক্তি এবং সমস্যার সমাধানের বদলে দায় এড়ানোর আরেকটি চেষ্টা।
Hindustan TV Bangla Bengali News Portal