প্রসেনজিৎ ধর, কলকাতা :- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (PA) সুমিত রায়ের বাড়িতে পুলিশের হানা। বুধবার বিকেলে নিউ আলিপুরের বাড়িতে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ। সঙ্গে ছিল বেহালা থানার পুলিশও। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া তোলাবাজির মামলার তদন্তেই এই অভিযান বলে পুলিশ সূত্রে খবর।
অভিযোগ, ‘সেবাশ্রয়’ কর্মসূচির জন্য একটি রিসর্ট ভাড়া নেওয়া হয়েছিল। কিন্তু সেই ভাড়ার টাকা এখনও মেটানো হয়নি বলে দাবি করেছেন রিসর্ট মালিক। তাঁর অভিযোগ, প্রভাব খাটিয়ে রিসর্টের ঘর আটকে রাখা হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতেই সুমিত রায়-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।
পুলিশ সূত্রে খবর, ওই মামলার তদন্তে সুমিত রায়ের খোঁজ চালাচ্ছে তদন্তকারীরা। সেই সূত্রেই এদিন তাঁর নিউ আলিপুরের বাড়িতে পৌঁছয় পুলিশ। প্রায় দশ মিনিট বাড়ির বাইরে অপেক্ষা করার পর সুমিতের মা দরজা খোলেন। এরপর তাঁর হাতে একটি নোটিস তুলে দেন পুলিশ আধিকারিকরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুমিতের মা জানান, দ্রুত সমস্যার সমাধান হোক, সেটাই তিনি চান। তবে সুমিত বর্তমানে কোথায় রয়েছেন, সে বিষয়ে কোনও তথ্য দিতে পারেননি তিনি।
এর আগেও সুমিত রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। জমি সংক্রান্ত দুর্নীতি, নির্বাচনে প্রার্থী করার নামে টাকা নেওয়ার মতো অভিযোগের তদন্তেও তাঁর নাম উঠে এসেছে। শালবনি থানার একটি প্রতারণার মামলায়ও তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, শালবনি মামলায় সুমিতের সন্ধানে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও তদন্তকারীরা গিয়েছিলেন। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করেই সেখানে পৌঁছনোর দাবি করেছিল পুলিশ। পরে মেদিনীপুর আদালতের নির্দেশে সুমিতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও লুক আউট নোটিস জারি হয়। আগাম জামিনের জন্য কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেও সেই আবেদন খারিজ হয়ে যায়। এখন ফের তোলাবাজির মামলায় তাঁর খোঁজে তৎপর পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal