নিজস্ব সংবাদদাতা,কলকাতা :-স্ত্রী ও দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের পর বুধবার অবশেষে ইডির মুখোমুখি হলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সকালেই সাদা পাজামা-পাঞ্জাবি ও পরিচিত সানগ্লাস পরে সিজিও কমপ্লেক্সে পৌঁছন তৃণমূলের প্রবীণ নেতা। দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা ধরে চলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদ। রাত আটটা নাগাদ ইডি দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।ইডির জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে মদন মিত্র জানান, তদন্তে তিনি সবরকম সহযোগিতা করেছেন। তাঁর কথায়, “দুপুর ১২টা ১০ মিনিটে ঢুকেছিলাম, এখন রাত ৮টা। ওদের যা যা প্রশ্ন ছিল, আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি। মুখে এবং লিখিতভাবে সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, আমি সাধ্যমতো পুরোপুরি সহযোগিতা করেছি।”
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে মদন মিত্র দাবি করেন, তিনি কোনও বেআইনি কাজ বা দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তাঁর কথায়, “আমি জানি এবং বিশ্বাস করি, আমি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নই। আমার পরিবারও এর সঙ্গে জড়িত নয়। আমার ছেলেরা আলাদা থাকে, তাদের নিজস্ব ব্যবসা রয়েছে।”
পরিবারের প্রসঙ্গে তিনি আরও বলেন, “গণতান্ত্রিক দেশে কারও পরিবারের প্রত্যেক সদস্য সম্পর্কে কেউ কী বলতে পারে? তবে আমার দিক থেকে আমি ১০০ শতাংশ নিশ্চিত।”ইডির তরফে চাওয়া বিভিন্ন নথি প্রসঙ্গে মদন জানান, জন্ম ও মৃত্যু শংসাপত্র ছাড়া যে সমস্ত কাগজপত্র চাওয়া হয়েছিল, তার সবই তিনি জমা দিয়েছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মদন মিত্র বলেন, “সংবিধান অনুযায়ী সেন্ট্রাল এজেন্সির অধিকার রয়েছে যে কোনও নাগরিককে তদন্ত করার। আমার দায়িত্ব হল তাঁদের সহযোগিতা করা। আমি স্বেচ্ছায় এজেন্সির ডাকে এসেছি এবং সমস্ত সহযোগিতা করেছি।”
Hindustan TV Bangla Bengali News Portal