প্রসেনজিৎ ধর, কলকাতা :-পূর্ব বর্ধমানের রেনেসাঁ টাউনশিপ থেকে ধৃত জইশ-ই-মহম্মদ জঙ্গি সন্দেহে গ্রেফতার হামিম মণ্ডল কাণ্ডে তদন্তে আরও বড় অগ্রগতির দাবি করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। শনিবার হামিমের ঘনিষ্ঠ পরিচিত অর্পিতাকে গ্রেফতার করা হয়েছে। একই দিনে সাংবাদিক বৈঠক করে এসটিএফের আইজি গৌরব শর্মা তদন্তে উঠে আসা একাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন।এসটিএফের দাবি, পাকিস্তানভিত্তিক শেহজাদ ভাট্টি চক্রের নির্দেশে কাজ করছিল হামিম ও তার সহযোগীরা। তদন্তে উঠে এসেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছিলেন তাদের অন্যতম টার্গেট। পাশাপাশি রাজ্যের পুর প্রতিমন্ত্রী উমেশ রাই এবং তাঁর পরিবারকেও নিশানায় রাখা হয়েছিল বলে তদন্তকারীদের দাবি।তদন্তে আরও জানা গিয়েছে, সীমান্তপারের হ্যান্ডলারদের নির্দেশে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলে গোপন তথ্য সংগ্রহের পরিকল্পনা করা হয়েছিল। এসটিএফের দাবি, অর্পিতা ও হামিম মিলে পুর প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের ছেলেকে হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেল এবং অপহরণের ছক কষেছিল। সেই সূত্র ধরেই অর্পিতাকে গ্রেফতার করা হয়েছে।সাংবাদিক বৈঠকে এসটিএফের আইজি গৌরব শর্মা জানান, কয়েকদিন আগে গোয়েন্দাদের কাছে নির্দিষ্ট তথ্য আসে যে হাওড়ার এক মন্ত্রীর ছেলেকে অপহরণের পরিকল্পনা চলছে এবং তাঁকে হানিট্র্যাপে ফেলার চেষ্টা করা হচ্ছে। সেই ইনপুটের ভিত্তিতে তদন্ত শুরু করে হামিম মণ্ডলের নাম সামনে আসে। হাওড়ার পিলখানার বাসিন্দা হামিম গত কয়েক মাস ধরে বর্ধমানে আত্মগোপন করে ছিল। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।তদন্তে আন্তর্জাতিক যোগেরও ইঙ্গিত মিলেছে। এসটিএফ জানিয়েছে, পুলিশের পোশাক পরে দিল্লির যন্তর মন্তর-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় নাশকতার পরিকল্পনা করা হয়েছিল। ধৃতের কাছ থেকে লন্ডন ও মেক্সিকোর আন্তর্জাতিক সিম কার্ড উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, বিদেশে থাকা হ্যান্ডলারদের সঙ্গে এনক্রিপ্টেড যোগাযোগ রক্ষা এবং দেশের বিভিন্ন প্রান্তে স্লিপার সেল নেটওয়ার্ক সক্রিয় রাখতেই ওই সিম ব্যবহার করা হত।উল্লেখ্য, শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনাকে “অত্যন্ত স্পর্শকাতর ও জাতীয় নিরাপত্তার বিষয়” বলে মন্তব্য করেছিলেন। তদন্তে আরও জানা যায়, মুখ্যমন্ত্রীর প্রতিদিনের সফরসূচি, নিউটাউনের বাসভবন থেকে বেরোনোর সময়, কনভয়ের গতিবিধি এবং বিভিন্ন কর্মসূচির বিস্তারিত তথ্য সংগ্রহ করে রাখা হয়েছিল বলে তদন্তকারীদের দাবি।
Hindustan TV Bangla Bengali News Portal