Breaking News

CMS পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি! রবিবার সকাল ৭টা থেকেই ছুটবে কলকাতা মেট্রো,বদল ব্লু-গ্রিন লাইনের সময়সূচি!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস (CMS)পরীক্ষা-২০২৬ উপলক্ষে একদিনের জন্য বদলে যাচ্ছে কলকাতা মেট্রোর পরিষেবার সময়সূচি। পরীক্ষার্থী ও সাধারণ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রবিবার, ২ অগস্ট ব্লু ও গ্রিন লাইনে নির্ধারিত সময়ের দু’ঘণ্টা আগেই সকাল ৭টা থেকে মেট্রো চলাচল শুরু হবে। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র রবিবারের জন্যই এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে।সাধারণত রবিবার ব্লু ও গ্রিন লাইনে সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হয়। কিন্তু ইউপিএসসি আয়োজিত কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস (CMS) পরীক্ষা-২০২৬ উপলক্ষে হাজার হাজার পরীক্ষার্থীর যাতায়াতের কথা বিবেচনা করে বিশেষ সূচি ঘোষণা করেছে মেট্রো রেল। ফলে এদিন সকাল থেকেই শহরের দুই গুরুত্বপূর্ণ করিডরে অতিরিক্ত পরিষেবা পাবেন যাত্রীরা।
মেট্রো রেল সূত্রে খবর, সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত ব্লু লাইন (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) এবং গ্রিন লাইন (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ)-এ প্রতি ৩০ মিনিট অন্তর ট্রেন চলবে। সকাল ৯টার পর থেকে আবার রবিবারের স্বাভাবিক সময়সূচি অনুযায়ী পরিষেবা চালু হবে।বিশেষ সূচি অনুযায়ী, ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম ট্রেন সকাল ৭টায় ছাড়বে। দমদম থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ৫ মিনিটে।অন্যদিকে গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম ট্রেন সকাল ৭টায় এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম ট্রেন সকাল ৭টা ২ মিনিটে যাত্রা শুরু করবে। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত উভয় লাইনে আধ ঘণ্টা অন্তর ট্রেন চলার পর সকাল ৯টা থেকে নিয়মিত রবিবারের সময়সূচি কার্যকর হবে।
মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ব্লু ও গ্রিন লাইনের শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। অর্থাৎ দিনের শেষ পরিষেবা আগের নির্ধারিত সময়েই চলবে।তবে অন্যান্য লাইনের ক্ষেত্রে কিছু পরিবর্তন রয়েছে। ইয়েলো লাইনে জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম সরাসরি মেট্রো রবিবারের নির্ধারিত সকাল ১০টা ৩৬ মিনিটের পরিবর্তে দুপুর ১২টা ৪২ মিনিটে চলবে। অন্যদিকে অরেঞ্জ লাইন ও পার্পল লাইনে রবিবার কোনও মেট্রো পরিষেবা থাকবে না, কারণ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ওই দুই রুটে পরিষেবা আগেই বন্ধ রাখার সিদ্ধান্ত রয়েছে।পরীক্ষার্থীদের সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে কোনও অসুবিধা না হয়, সেই লক্ষ্যেই একদিনের জন্য এই বিশেষ পরিষেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *