Breaking News

আদালতের নির্দেশে থানায়, বাইরে বিক্ষোভের ঝড়! প্রণয়িতা দাসকে ঘিরে ডিম ছোড়া ও শারীরিক হেনস্তার অভিযোগে উত্তাল কোতোয়ালি থানা চত্বর

নিজস্ব সংবাদদাতা :- কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বৃহস্পতিবার জলপাইগুড়ির কোতোয়ালি থানায় হাজিরা দিতে এসে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতা কৃষ্ণ দাসের মেয়ে প্রণয়িতা দাস। থানার বাইরে বিজেপির মহিলা মোর্চা ও স্থানীয় একাংশ মহিলার বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে খবর, প্রণয়িতা দাস থানার উদ্দেশে পৌঁছতেই বিক্ষোভকারীরা তাঁর গাড়ি ঘিরে স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভের সময় তাঁর গাড়ি লক্ষ্য করে ডিমও ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন পুলিশ প্রণয়িতাকে নিরাপদে থানার ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।এই সময় ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ। অভিযোগ উঠেছে, পুলিশের উপস্থিতিতেই একাংশ বিক্ষোভকারী প্রণয়িতা দাসকে ঘিরে বিক্ষোভ দেখান এবং শারীরিকভাবে হেনস্তা করেন। যদিও এই অভিযোগের বিষয়ে পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর জলপাইগুড়ি সদর এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় কৃষ্ণ দাস ও তাঁর মেয়ে প্রণয়িতা দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়। অভিযোগ, সেই ঘটনায় কয়েকজন বিজেপি কর্মী আহত হন। ওই মামলায় তদন্তের স্বার্থে আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন প্রণয়িতা দাস।কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে তাঁকে কোতোয়ালি থানায় হাজির হয়ে তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে। সেই নির্দেশ মেনেই তিনি থানায় হাজিরা দিতে আসেন।অন্যদিকে, বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কড়া আইনি ব্যবস্থা নেওয়া হোক। ঘটনাকে কেন্দ্র করে কোতোয়ালি থানা চত্বর ও আশপাশের এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ঘটনাটি ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে জলপাইগুড়িতে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *