নিজস্ব সংবাদদাতা:- রাস্তা দখল করে নির্মাণসামগ্রী ফেললেই জরিমানা| ১ সেপ্টেম্বর থেকে কড়া নিয়ম চালু করছে রাজ্য সরকার। রবিবার শিলিগুড়িতে একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে এমনই ঘোষণা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুধু নির্মাণসামগ্রী নয়, ফাঁকা জমি অপরিষ্কার রাখা, বেআইনি পার্কিং এবং ফুটপাথ দখল নিয়েও কড়া অবস্থানের কথা জানান তিনি।
মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “বাড়ি তৈরি করছেন বলে রাস্তার উপর ইট, বালি, পাথর বা অন্যান্য নির্মাণসামগ্রী ফেলে রাখা চলবে না। রাস্তা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। বাড়ি নির্মাণের সমস্ত সামগ্রী নিজের জমির মধ্যেই রাখতে হবে। নিয়ম ভাঙলেই জরিমানা করা হবে।” তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকেই এই নিয়ম কার্যকর হবে।এদিন ফাঁকা জমির মালিকদেরও সতর্ক করেন অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, জমি কিনে বছরের পর বছর আগাছা, ঝোপঝাড় বা নোংরা জমতে দেওয়া যাবে না। সেই জমি পরিষ্কার রাখার দায়িত্ব সম্পূর্ণভাবে মালিকের। “আপনার ফাঁকা জমির জন্য যদি আশপাশের মানুষ ডেঙ্গি বা অন্য রোগে আক্রান্ত হন, তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না,” বলেন তিনি।বেআইনি পার্কিং নিয়েও ফের কড়া বার্তা দেন পুরমন্ত্রী। তিনি জানান, নির্দিষ্ট পার্কিং জোন ছাড়া অন্য কোথাও গাড়ি বা বাইক রাখা যাবে না। পার্কিং ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে রাজ্য সরকার শীঘ্রই একটি নতুন অ্যাপ চালু করবে বলেও জানান তিনি। পাশাপাশি সতর্ক করে বলেন, ফুটপাথে গাড়ি বা বাইক রাখলে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে।ফুটপাথ দখল প্রসঙ্গেও স্পষ্ট বার্তা দেন অগ্নিমিত্রা। তাঁর কথায়, “ফুটপাথ মানুষের হাঁটার জন্য। হকারদের বলেছি, পুরো ফুটপাথ দখল করে বসে থাকবেন না। পথচারীদের চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা ছেড়ে দিতে হবে।”
তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের কথা উল্লেখ করে পুরমন্ত্রী জানান, দুর্গাপুজো পর্যন্ত রাজ্যের কোথাও হকার উচ্ছেদ অভিযান চালানো হবে না। তার আগে আলোচনা ও সচেতনতার মাধ্যমেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে সরকার।
Hindustan TV Bangla Bengali News Portal