দেবরীনা মণ্ডল সাহা:- টানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত সিকিমের সড়ক যোগাযোগ ব্যবস্থা। পাহাড়ের একাধিক জায়গায় নতুন করে ধস নামায় বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ অংশ। পাশাপাশি গ্যালশিং, মাঙ্গান, পাকিয়ং, নামচি ও সোরেং জেলার একাধিক গুরুত্বপূর্ণ সড়কেও যান চলাচল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ হয়ে পড়েছে। ফলে নতুন করে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকরাও।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ মাইল এবং বারদাং এলাকা। ধসের জেরে জাতীয় সড়ক NH-10-এর এই অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। যদিও রংপো থেকে শিলিগুড়ি পর্যন্ত যোগাযোগ আপাতত স্বাভাবিক রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাওয়ানে–চেওরিবোটে–ডুগা রুটকে বিকল্প পথ হিসেবে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।এদিকে গ্যালশিং–জোরেথাং সড়কের ৪ মাইল এলাকায় ধসে রাস্তার বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুত যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
সিকিম পুলিশের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, পাকিয়ং জেলার মাচং–লসিং এবং মাচং–বারাপাথিং সড়ক, মাঙ্গানের টুং নাগা নিউ রোড ও চুংথাং–লাচেন সড়কের একাংশ ধসের কারণে বন্ধ রয়েছে। একইভাবে নামচি জেলার রাভাংলা–ইয়াংগাং এবং ফংলা–বারমিক সড়কেও যান চলাচল বন্ধ। গ্যালশিং জেলার সোপাখা–চিওয়াভাঞ্জাং, গ্যালশিং–লেগশিপ এবং বারমিক–লেগশিপ রাস্তাতেও যান চলাচল ব্যাহত হয়েছে।
অন্যদিকে সোরেং জেলায় থারপু ও মালবেসে হয়ে জোরেথাংগামী দুটি গুরুত্বপূর্ণ রাস্তা স্টিল ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়াও মেল্লি সেতুতে আগামী ৫ আগস্ট পর্যন্ত বিশেষ ট্রাফিক বিধিনিষেধ জারি রয়েছে। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শুধুমাত্র হালকা যানবাহন চলাচলের অনুমতি মিলবে। রাতের বেলায় সব ধরনের যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকবে। তবে অ্যাম্বুল্যান্স, দমকল এবং অন্যান্য জরুরি পরিষেবার গাড়ি এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবে।আবহাওয়া দফতরের ভারী বৃষ্টির সতর্কতার মধ্যেই একের পর এক ধসে সিকিমের পাহাড়ি এলাকায় স্বাভাবিক জনজীবন কার্যত বিপর্যস্ত। প্রশাসনের পক্ষ থেকে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনীয় যাত্রা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যাত্রার আগে সর্বশেষ রাস্তার পরিস্থিতি জেনে তবেই রওনা হওয়ার আবেদনও জানানো হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal