প্রসেনজিৎ ধর :- কোচবিহারের দিনহাটার একটি স্কুলে পরীক্ষা চলাকালীন রহস্যজনকভাবে মৃত্যু হল সপ্তম শ্রেণির এক ছাত্রের। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঠিক কী কারণে ওই ছাত্রের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা। ছেলের আকস্মিক মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। শোকের ছায়া নেমে এসেছে স্কুলেও।
সোমবার ছিল সপ্তম শ্রেণির ইংরেজি পরীক্ষা। নির্ধারিত সময়েই পরীক্ষা শুরু হয় এবং দুপুর ১২টা ৫০ মিনিটে শেষ হওয়ার কথা ছিল। স্কুল সূত্রে জানা গিয়েছে, ক্লাসরুমের পিছনের বেঞ্চে বসে পরীক্ষা দিচ্ছিল ১৩ বছরের ওই ছাত্র। পরীক্ষা শেষ হওয়ার প্রায় ১৫ মিনিট আগে আচমকাই সে অচেতন হয়ে বেঞ্চ থেকে লুটিয়ে পড়ে।ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরীক্ষাকক্ষে। উপস্থিত শিক্ষক-শিক্ষিকা এবং অন্যান্য পড়ুয়ারা প্রথমে ছাত্রটিকে বেঞ্চে শুইয়ে প্রাথমিকভাবে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। চোখে-মুখে জল দেওয়া হয়। কিন্তু কোনও সাড়া না মেলায় দ্রুত খবর দেওয়া হয় প্রধান শিক্ষককে। এরপর তড়িঘড়ি ছাত্রটিকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে ছাত্রটিকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যান তার বাবা-মা। একমাত্র ছেলেকে হারানোর শোকে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। পরিবারের দাবি, কয়েকদিন আগে ছেলের জ্বর হয়েছিল ঠিকই, তবে ওষুধে তা সম্পূর্ণ সেরে গিয়েছিল। আগের দিনও সে পরীক্ষা দিয়েছে এবং সোমবারও সম্পূর্ণ স্বাভাবিক অবস্থাতেই স্কুলে গিয়েছিল।
ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও, হৃদ্রোগজনিত সমস্যা নাকি অন্য কোনও শারীরিক জটিলতা—তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
মেধাবী ছাত্রের এই আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী, শিক্ষক-শিক্ষিকা এবং গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
Hindustan TV Bangla Bengali News Portal