প্রসেনজিৎ ধর :- দিল্লিতে বঙ্গভবনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসলেন তৃণমূলত্যাগী এনসিপিআই-এর সাংসদরা। এনডিএ-র শরিক হিসেবেই থাকবে, নাকি বিজেপির সঙ্গে একীভূত হবে এনসিপিআই— এমন রাজনৈতিক জল্পনার আবহেই মঙ্গলবার এই বৈঠক ঘিরে বাড়ে কৌতূহল। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে উপস্থিত ছিলেন কাকলি ঘোষদস্তিদার, মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, জুন মালিয়া, সায়নী ঘোষ, পার্থ ভৌমিক, রচনা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক সাংসদ।সূত্রের খবর, লোকসভার অধিবেশন শেষ হওয়ার পর নবান্নে বিজেপি ও এনসিপিআই সাংসদদের নিয়ে আরও একটি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেখানে বিভিন্ন লোকসভা কেন্দ্রের উন্নয়নমূলক কাজ, প্রশাসনিক সমন্বয় এবং আগামী দিনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এদিনের বৈঠকেও সেই বিষয়েই প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।বৈঠক শেষে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, দীর্ঘদিন ধরে বকেয়া থাকা এই বৈঠকে প্রত্যেক সাংসদ নিজের এলাকার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রীর পরামর্শ ও নির্দেশনায় আগামী দিনের কাজের রূপরেখা স্পষ্ট হয়েছে বলেও জানান তিনি। একইসঙ্গে রাজনৈতিক কারণে ঘরছাড়া সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন বলেও দাবি করেন রচনা। তাঁর কথায়, মানুষের পাশে থাকার এবং ভয়মুক্ত পরিবেশে কাজ করার বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে সাংসদ বাপী হালদার জানান, কোনও যোগ্য ব্যক্তি যাতে সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্প বা অন্যান্য সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে সাংসদরা সরাসরি নজরদারি করবেন। প্রশাসনিক জটিলতা বা আর্থিক সংক্রান্ত সমস্যাগুলির দ্রুত সমাধানের আশ্বাসও মিলেছে বলে জানান তিনি। পাশাপাশি এনসিপিআই-র রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা উড়িয়ে দিয়ে বাপী স্পষ্ট করেন, দলের সমস্ত সাংসদ শীর্ষ নেতৃত্বের সঙ্গেই রয়েছেন এবং আগামী দিনেও সেই অবস্থান বজায় থাকবে।
সাংসদ জুন মালিয়া বৈঠকটিকে অত্যন্ত সফল ও গঠনমূলক বলে উল্লেখ করেন। তাঁর দাবি, নিজ নিজ এলাকার উন্নয়নমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস মিলেছে।তবে রাজ্যসভার প্রবীণ সাংসদ সুখেন্দুশেখর রায় বৈঠকটিকে রাজনৈতিক গুরুত্ব না দিয়ে একে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলেই ব্যাখ্যা করেন। তাঁর বক্তব্য, মূলত লোকসভা ও রাজ্যসভার বিভিন্ন কেন্দ্রের উন্নয়নমূলক কাজ এবং প্রশাসনিক বিষয় নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।রাজনৈতিক মহলের মতে, উন্নয়নের আলোচনার পাশাপাশি এনসিপিআই-এর ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও এই বৈঠক নতুন করে জল্পনা উসকে দিয়েছে। যদিও এ বিষয়ে কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি।
Hindustan TV Bangla Bengali News Portal