Breaking News

সরকারি হাসপাতালে রোগীদের খাবারের বরাদ্দ দ্বিগুণের পথে, সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশ খারিজ ডিভিশন বেঞ্চে!স্বস্তিতে রাজ্য সরকার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সরকারি হাসপাতালের রোগীদের খাবারের বরাদ্দ বৃদ্ধি নিয়ে কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার। রোগীপিছু খাবারের বরাদ্দ ৫৭ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করার সরকারি সিদ্ধান্তে সিঙ্গল বেঞ্চের দেওয়া স্থগিতাদেশ মঙ্গলবার খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয়কুমার গুপ্তের বেঞ্চের এই রায়ের ফলে বর্ধিত খাদ্য বরাদ্দ কার্যকর করতে আর কোনও আইনি বাধা রইল না বলে মনে করছেন আইনজীবীরা।গত ২৩ জুলাই রাজ্য সরকার সরকারি হাসপাতালগুলিতে রান্না করা খাবার সরবরাহ সংক্রান্ত একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে। সেখানে রোগীদের উন্নত মানের খাবার নিশ্চিত করতে মাথাপিছু বরাদ্দ ৫৭ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী ১ আগস্ট থেকেই নতুন বরাদ্দ কার্যকর হওয়ার কথা ছিল।তবে নতুন টেন্ডার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয় একটি সরবরাহকারী সংস্থা। তাদের দাবি ছিল, আদালতের আগের নির্দেশ অনুযায়ী হাসপাতালের খাবারের মূল্য নির্ধারণে প্রথমে একটি ‘ব্রড-বেসড কমিটি’ গঠন করে মূল্যতালিকা তৈরি করা প্রয়োজন ছিল। সেই প্রক্রিয়া সম্পূর্ণ না করেই নতুন টেন্ডার ডাকা হয়েছে। এই যুক্তি মেনে বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গল বেঞ্চ টেন্ডার প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল।এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। মঙ্গলবার শুনানিতে বিচারপতি শম্পা সরকার পর্যবেক্ষণ করেন, বাজারদর এবং মূল্যসূচক যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে, তা নিয়ে কোনও বিতর্ক নেই। একই সঙ্গে প্রশ্ন তোলেন, সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশ বহাল থাকলে সরকার কীভাবে জনস্বার্থে নতুন প্রশাসনিক বা নীতিগত সিদ্ধান্ত নেবে?উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গল বেঞ্চের দেওয়া স্থগিতাদেশ খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। আদালতের এই রায়ের ফলে সরকারি হাসপাতালের রোগীদের জন্য বর্ধিত খাদ্য বরাদ্দ কার্যকর করতে আর কোনও আইনি বাধা রইল না। ফলে রাজ্যের হাসপাতালগুলিতে উন্নত মানের খাবার সরবরাহের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের পথ আরও পরিষ্কার হল বলে মনে করছে প্রশাসনিক ও আইনজীবী মহল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *