Breaking News

মহালয়ার কণ্ঠস্বরকে রাজ্যের সর্বোচ্চ সম্মান! বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে শ্যামবাজার মেট্রো স্টেশনের দাবি, আকাশবাণীতে মূর্তি স্থাপনেরও প্রস্তাব

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে ‘মহিষাসুরমর্দিনী’ ছাড়া আজও বাঙালির দুর্গাপুজোর সূচনা যেন অসম্পূর্ণ। সেই কিংবদন্তি বেতার ব্যক্তিত্বের ১২২তম জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার উত্তর কলকাতার রামধন মিত্র লেনের ঐতিহাসিক বাসভবনে আয়োজিত হল বিশেষ স্মরণানুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পরিবারের সদস্যরাও। মন্ত্রীর সামনে তাঁরা কিংবদন্তি শিল্পীর স্মৃতিকে চিরস্থায়ী করে রাখতে দুটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। প্রথমত, শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে করার আবেদন জানানো হয়। দ্বিতীয়ত, আকাশবাণী ভবনের ভিতরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের একটি আবক্ষ মূর্তি স্থাপনের প্রস্তাব দেওয়া হয়।এই দুই দাবির প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র শুধু একজন বেতার শিল্পী নন, তিনি বাঙালির আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক অনন্য ব্যক্তিত্ব। পরিবারের দাবি যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং বিষয়টি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তিনি তুলে ধরবেন। একই সঙ্গে তিনি জানান, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের রামধন মিত্র লেনের ঐতিহাসিক বাসভবনকে হেরিটেজ ভবন হিসেবে ঘোষণা করার প্রস্তাবও মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে।মন্ত্রী আরও বলেন, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের দীর্ঘ কর্মজীবন আকাশবাণীর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তাই আকাশবাণী ভবনে তাঁর একটি আবক্ষ মূর্তি স্থাপন হলে সেটি তাঁর প্রতি যথার্থ সম্মান জানানো হবে। যদিও শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম পরিবর্তন কিংবা মূর্তি স্থাপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের উচ্চপর্যায়েই নেওয়া হবে বলে জানান তিনি।রাজ্যে সরকার পরিবর্তনের পর বাংলার মনীষী, শিল্পী ও সাহিত্যিকদের স্মৃতি সংরক্ষণে নতুন উদ্যোগ নেওয়ার কথা বারবার জানিয়েছে বর্তমান সরকার। সেই প্রেক্ষিতেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মজয়ন্তীতে মন্ত্রীর সরাসরি তাঁর বাসভবনে উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।মহালয়ার ভোরে তাঁর কণ্ঠে ‘মহিষাসুরমর্দিনী’ আজও কোটি বাঙালির আবেগ। এবার পরিবারের দাবির প্রেক্ষিতে শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম পরিবর্তন, আকাশবাণী ভবনে মূর্তি স্থাপন এবং তাঁর ঐতিহাসিক বাসভবনকে হেরিটেজ ঘোষণার বিষয়ে রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *