প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানি হল কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার বিচারপতি গৌরাঙ্গকান্তের এজলাসে মামলার শুনানিতে বর্তমান মুখ্যমন্ত্রী তথা ভবানীপুরের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর পক্ষের আইনজীবী জয়দীপ কর লিখিত জবাব দাখিলের জন্য আদালতের কাছে চার সপ্তাহ সময়ের আবেদন জানান। সেই আবেদন মঞ্জুর করে আদালত।শুনানির সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্বাচনী মামলার নিষ্পত্তি নিয়ে আদালতে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর বক্তব্য, “কলকাতা হাই কোর্টে নির্বাচনী মামলার নিষ্পত্তি পাঁচ বছরেও হয় না, এটাই যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে।” দ্রুত মামলার নিষ্পত্তির প্রয়োজনীয়তার কথাও আদালতে তুলে ধরেন তিনি।
অন্যদিকে শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালতকে জানান, পূর্ববর্তী নির্দেশ মেনে সংশ্লিষ্ট ইভিএম এবং মামলার সঙ্গে যুক্ত সমস্ত গুরুত্বপূর্ণ নথি যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে। তাই প্রমাণ নষ্ট হওয়ার বা মামলার অগ্রগতিতে কোনও বাধা তৈরি হওয়ার আশঙ্কা নেই বলেও দাবি করেন তিনি।উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি গৌরাঙ্গকান্ত নির্দেশ দেন, আগামী চার সপ্তাহের মধ্যে মামলার প্রতিটি পক্ষকে নিজেদের কাছে থাকা সমস্ত প্রাসঙ্গিক নথির অনুলিপি অপর পক্ষের হাতে তুলে দিতে হবে। সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে হলফনামাও আদালতে জমা দিতে হবে।আদালত জানিয়ে দিয়েছে, চার সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি হবে। ফলে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফল সংক্রান্ত এই বহুল আলোচিত মামলার নিষ্পত্তির দিকে আপাতত আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
Hindustan TV Bangla Bengali News Portal