Breaking News

কার্গো টার্মিনাল থেকে স্কুটিতে করে কোটি টাকার গয়না পাচারের ছক! কলকাতা বিমানবন্দরে উদ্ধার সোনা-হিরে-রুপোর বিপুল ভাণ্ডার, গ্রেফতার রাজস্থানের যুবক

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে একের পর এক সোনা ও নগদ অর্থ উদ্ধারের ঘটনার মধ্যেই ফের বড় সাফল্য পুলিশের। এ বার কলকাতা বিমানবন্দরের ডোমেস্টিক কার্গো টার্মিনাল থেকে কোটি টাকারও বেশি মূল্যের সোনা, হিরে ও রুপোর গয়না উদ্ধার করল বিধাননগর কমিশনারেটের এনএসসিবিআই থানার পুলিশ। এই ঘটনায় রাজস্থানের বাসিন্দা রাম অবতার সিংহ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গোপন সূত্রে গয়নাপাচারের খবর পেয়ে বিমানবন্দরের কার্গো টার্মিনাল এলাকায় নাকা তল্লাশি শুরু হয়। সেই সময় একটি নির্দিষ্ট কনসাইনমেন্ট সংগ্রহ করে স্কুটিতে এলাকা ছাড়ার চেষ্টা করছিলেন অভিযুক্ত। বিমানবন্দর সংলগ্ন নাকা চেকিংয়ে স্কুটিটি আটক করা হলে তল্লাশিতে বেরিয়ে আসে বিপুল পরিমাণ সোনা, হিরে ও রুপোর অলঙ্কার।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে হিরে বসানো প্রায় ৪০০ গ্রাম সোনার গয়না এবং ৯০০ গ্রাম রুপোর গয়না। ব্রেসলেট, নেকলেস, আংটি, চুড়িসহ বিভিন্ন ধরনের অলঙ্কারের আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকারও বেশি বলে জানিয়েছে পুলিশ।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিমানে অবৈধভাবে আনা মূল্যবান গয়না কার্গো টার্মিনালের মাধ্যমে বাইরে পাচারের পরিকল্পনা ছিল। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, গয়নাগুলির উৎস কী এবং এগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে এনএসসিবিআই থানার পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে গোটা পাচারচক্রের হদিশ পাওয়ার চেষ্টা চলছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *