Breaking News

অন্নপূর্ণা যোজনা নিয়ে সব জল্পনার অবসান! ১৭ আগস্ট থেকেই অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা,কারা পাবেন, কারা অপেক্ষায় থাকবেন— বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

প্রসেনজিৎ ধর, কলকাতা :-চলতি মাসে অন্নপূর্ণা যোজনার টাকা এখনও উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পৌঁছনোয় রাজ্যজুড়ে তৈরি হয়েছিল নানা জল্পনা ও বিভ্রান্তি। কবে টাকা মিলবে, কারা পাবেন, আবেদন বাতিল হচ্ছে কি না— এই সব প্রশ্ন ঘিরে সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছিল একাধিক দাবি। সেই পরিস্থিতিতেই বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে সমস্ত বিভ্রান্তির অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগামী ১৭ আগস্ট থেকেই যাচাইকৃত উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো শুরু হবে। শুধু তাই নয়, সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই নিয়মিতভাবে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলেও ঘোষণা করেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, ৩১ জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনার জন্য মোট ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। বর্তমানে প্রতিটি আবেদনপত্র খুঁটিয়ে যাচাই করছেন সরকারি আধিকারিকরা। আবেদনকারীর দেওয়া তথ্য, নথিপত্র, বয়স, যোগ্যতার মানদণ্ড এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। যাঁদের আবেদন সম্পূর্ণ সঠিক এবং সমস্ত শর্ত পূরণ করবে, তাঁরাই এই প্রকল্পের আওতায় আর্থিক সাহায্য পাবেন।
এই প্রকল্পের অগ্রগতি এবং যাচাই প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য জানাতে আগামী ১০ আগস্ট দুপুর ২টায় নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায়কে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেখানে আবেদন যাচাইয়ের বর্তমান অবস্থা, যোগ্যতার মানদণ্ড, কারা টাকা পাবেন এবং কারা পাবেন না— সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে বলে জানান তিনি।শুভেন্দু অধিকারী বলেন, ১০ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছেন, তাঁদের নথি যাচাইয়ের কাজ ১৭ আগস্টের মধ্যে শেষ হয়ে যাবে। ফলে ওই আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৭ আগস্ট থেকেই ৩ হাজার টাকা পাঠানো হবে। তবে ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আবেদনকারীদের নথি যাচাই এখনও সম্পূর্ণ হয়নি। সেই কারণে তাঁদের টাকা কিছুটা পরে দেওয়া হবে। যাচাই সম্পূর্ণ হলেই পর্যায়ক্রমে তাঁদের অ্যাকাউন্টেও অর্থ পাঠানো হবে।
মুখ্যমন্ত্রী আরও জানান, বিজেপির নির্বাচনী সঙ্কল্পপত্র অনুযায়ী ২৫ থেকে ৬০ বছর বয়সি যোগ্য মহিলাদের এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে। সমস্ত প্রশাসনিক ও আর্থিক নিয়ম মেনেই প্রকল্পটি বাস্তবায়িত হবে। তিনি বলেন, কোনও তাড়াহুড়ো করে নয়, স্বচ্ছতা বজায় রেখেই প্রত্যেক যোগ্য মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে।
সাংবাদিক বৈঠক থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে ভুয়ো প্রচারকারীদের বিরুদ্ধেও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। সরকার ইতিমধ্যেই সেই সমস্ত পোস্ট এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর নজরদারি শুরু করেছে। প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেন, যোগ্য কোনও আবেদনকারী বঞ্চিত হবেন না। সরকার প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনার সুবিধা পৌঁছে দেবে। পাশাপাশি, ভুয়ো খবর বা বিভ্রান্তিকর প্রচারে বিশ্বাস না করে সরকারি ঘোষণার উপরই ভরসা রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *