দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-স্বাধীনতা দিবসকে সামনে রেখে এ বার ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিকে ঘিরে বড়সড় উদ্যোগ নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, রাজ্যজুড়ে মোট ৭০ লক্ষ জাতীয় পতাকা বিলি করা হবে। শুধু পতাকা বিতরণই নয়, সরকারি ভবন থেকে শুরু করে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, শিল্প প্রতিষ্ঠান এবং শপিং মল— সর্বত্র এই কর্মসূচিকে সফল করতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের গুরুত্বপূর্ণ সরকারি ভবন এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনাগুলিকে তিরঙ্গার তিন রঙে আলোকসজ্জায় সাজানো হবে। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, শিল্প মহল, ব্যবসায়িক সংগঠন ও শপিং মলগুলিকেও এই জাতীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। দেশাত্মবোধক গান, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সচেতনতামূলক প্রচার এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমেও স্বাধীনতা দিবসের আবহকে আরও বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে সরকার।
শুক্রবার থেকেই শুরু হচ্ছে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা। ভবানীপুরের সার্ভে বিল্ডিং থেকে বের হবে তেরঙ্গা পদযাত্রা। এরপর আগামী কয়েক দিনে রাজ্যের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে পদযাত্রা, পতাকা প্রদর্শন এবং জাতীয় পতাকার মর্যাদা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির একাধিক কর্মসূচি আয়োজন করা হবে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ৩০ হাজারেরও বেশি মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। স্বাধীনতা দিবস পর্যন্ত চলবে এই বিশেষ উদ্যোগ।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কেন্দ্র সরকারের ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অংশ হিসেবে শুরু হওয়া ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে এই প্রথম পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করছে। তাঁর কথায়, “এই প্রথম এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে রাজ্য সরকার। বিগত সরকার কেন এই কর্মসূচি বাস্তবায়ন করেনি, তা আমি বলতে পারব না।”সরকারের আশা, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণে ‘হর ঘর তেরঙ্গা’ শুধু একটি সরকারি কর্মসূচি হয়ে থাকবে না, বরং জাতীয় পতাকার প্রতি সম্মান, দেশপ্রেম এবং স্বাধীনতার চেতনাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এক বৃহৎ গণআন্দোলনে পরিণত হবে।
Hindustan TV Bangla Bengali News Portal