দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পশ্চিমবঙ্গে এ বছর নতুন উদ্দীপনা ও ব্যাপক সরকারি উদ্যোগে পালিত হচ্ছে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দেশজুড়ে শুরু হওয়া এই জাতীয় কর্মসূচি এবার রাজ্যে আরও বৃহৎ পরিসরে উদযাপিত হতে চলেছে। স্বাধীনতা দিবসকে সামনে রেখে শুক্রবার কলকাতায় তেরঙ্গা যাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল রাজ্য সরকারের ‘হর ঘর তেরঙ্গা’ অভিযান।এদিন সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত বিশাল তেরঙ্গা যাত্রায় নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাজার হাজার মানুষের হাতে জাতীয় পতাকা, দেশাত্মবোধক স্লোগান ও উৎসবের আবহে মুখর হয়ে ওঠে শহরের রাজপথ। পদযাত্রা শেষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, চলতি বছরে রাজ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে গোটা পশ্চিমবঙ্গে ৭০ লক্ষ জাতীয় পতাকা বিতরণ করা হবে। পাশাপাশি, আগামী ১০ অগস্ট রেড রোডের নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশ থেকে বিড়লা তারামণ্ডলের ৭ নম্বর গেট পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষের অংশগ্রহণে একটি ঐতিহাসিক তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে।
হাজরা মোড়ে সমাবেশ থেকে শুভেন্দু অধিকারী বলেন, “আজ সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলের মাধ্যমে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির সূচনা হল। এত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। আগামী ১০ অগস্ট আরও বৃহত্তর কর্মসূচিতে ৫০ হাজার মানুষকে নিয়ে ঐতিহাসিক তেরঙ্গা যাত্রা হবে। সবাইকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”পূর্বতন সরকারের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী দাবি করেন, আগে পশ্চিমবঙ্গে এই কর্মসূচিতে সরকারি অংশগ্রহণ ছিল না। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাধীনতা দিবস উদযাপনকে আরও সর্বজনীন ও ব্যাপক করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।সংস্কৃতি দফতরের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, শুধু জাতীয় পতাকা বিতরণই নয়, রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও প্রশাসনিক দফতর তেরঙ্গার রঙে আলোকসজ্জায় সেজে উঠবে। পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধ গড়ে তুলতে স্কুল-কলেজে বসে আঁকো প্রতিযোগিতা, কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।১০ অগস্টের কর্মসূচিকে সফল করার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “দল, মত, ধর্ম বা বর্ণ নির্বিশেষে প্রত্যেক দেশপ্রেমিক নাগরিককে এই তেরঙ্গা যাত্রায় অংশ নেওয়ার অনুরোধ জানাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা— ‘দিল সে তেরঙ্গা, প্যায়ার সে তেরঙ্গা, হর ঘর তেরঙ্গা’— বাংলার প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে।”
এদিনের তেরঙ্গা যাত্রায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজস্থানের নেতা রাজ্যবর্ধন রাঠোর, রাজ্যের মন্ত্রী তাপস রায়, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ, বিধায়ক শঙ্কর সিকদার, শিশির বাজোরিয়া, বিজেপির জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য, মহিলা নেত্রী পারমিতা দত্ত-সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও হাজার হাজার সাধারণ মানুষ। সমাবেশের শেষে রাজ্যবাসীকে আগাম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
Hindustan TV Bangla Bengali News Portal