দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- স্বাধীনতা দিবসকে সামনে রেখে এ বছর প্রথমবার রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি। ৯ থেকে ১৭ অগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারই অংশ হিসেবে ১০ অগস্ট, সোমবার দুপুর ৩টেয় রেড রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশ থেকে বিশাল তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। প্রশাসনের অনুমান, প্রায় ৩০ হাজার মানুষ এই পদযাত্রায় অংশ নেবেন। এই কর্মসূচিকে ঘিরে কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই ট্রাফিক সংক্রান্ত বিশেষ নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, অফিসের দিনের এই কর্মসূচির কারণে শহরের বিভিন্ন এলাকায় যানজটের সম্ভাবনা রয়েছে। তাই নিত্যযাত্রীদের বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশের নির্দেশিকা অনুযায়ী, ১০ অগস্ট কিংসওয়ে, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইন্সওয়ে, রেড রোড, খিদিরপুর রোড, লাভার্স লেন এবং ক্যাসুয়ারিনা অ্যাভিনিউয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কর্মসূচি চলাকালীন প্রয়োজন অনুযায়ী এই রাস্তাগুলিতে যানবাহন সম্পূর্ণ বন্ধও রাখা হতে পারে। এছাড়াও দুপুর ১২টা থেকে কিংসওয়ে, অকল্যান্ড রোড, স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট অংশ, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইন্সওয়ে, ডাফরিন রোড এবং ক্যাসুয়ারিনা অ্যাভিনিউয়ে কোনও যানবাহন পার্ক করা যাবে না। কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। কলকাতা পুলিশের তরফে আরও জানানো হয়েছে, ওই দিন দ্বিতীয় হুগলি সেতু, এজেসি বোস রোড, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, সিআর অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড এবং এসপি মুখার্জি রোডে পণ্যবাহী যান চলাচলেও নিষেধাজ্ঞা থাকবে। তবে এলপিজি, সিএনজি, পেট্রল, ডিজেল, অক্সিজেন, দুধ, সবজি, ফল ও মাছের মতো জরুরি পরিষেবার যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
Hindustan TV Bangla Bengali News Portal