প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই বেড ছেড়ে উধাও হয়ে গেলেন দুই রোগী। তাঁদের কাউকে কিছু না জানিয়েই হাসপাতাল চত্বর ছেড়ে চলে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ দু’জনের মধ্যে একজন মহিলা এবং অন্যজন ৫১ বছরের এক প্রৌঢ়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ঘটনাটিকে ‘অ্যাবসকন্ডিং কেস’ হিসেবে জানিয়ে পুলিশে অভিযোগ করা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, নিখোঁজ মহিলার নাম দীপান্বিতা রায়। চিৎপুরের বাসিন্দা দীপান্বিতা আরজি করের ট্রমা কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাত থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি নজরে আসার পর চিৎপুর থানায় লিখিতভাবে জানানো হয়।
অন্যদিকে, নিখোঁজ প্রৌঢ়ের নাম বিমল ঘোষ (৫১)। জ্বর এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে অন্য একটি হাসপাতাল থেকে তাঁকে আরজি করে রেফার করা হয়েছিল। এরপর মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করতে হাসপাতালে এসে দেখেন, বেডে নেই বিমলবাবু। বিষয়টি কর্তব্যরত নার্সদের জানানো হয়। হাসপাতালের ভিতরে ও আশপাশে খোঁজ করেও তাঁর সন্ধান না মেলায় শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয় হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের এক আধিকারিকের দাবি, দু’জনেরই শুক্রবার ছুটি হওয়ার কথা ছিল। নিয়ম অনুযায়ী বিকেলে ছুটি হলে দুপুরের খাবার খেয়ে যাওয়ার কথা। কিন্তু তার আগেই তাঁরা হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই দুই ঘটনাকেই ‘অ্যাবসকন্ডিং কেস’ হিসেবে পুলিশকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন আরজি করের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়। তিনি বলেন, “বিষয়টি নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছি।”
Hindustan TV Bangla Bengali News Portal