Breaking News

প্রেমিকের সঙ্গে পালিয়ে কলকাতায় নাবালিকা, সংসার পাতার স্বপ্ন ভেঙে ঠাঁই সোনাগাছিতে! পুলিশের তৎপরতায় উদ্ধার, গ্রেফতার ২

দেবরীনা মণ্ডল সাহা ,কলকাতা :-মিষ্টি কথায় প্রথমে তৈরি হয়েছিল সম্পর্ক। সেই সম্পর্কের সুযোগ নিয়েই উত্তর ২৪ পরগনার ১৬ বছরের এক কিশোরীকে কলকাতায় এনে সোনাগাছিতে পাচারের অভিযোগ উঠল। তবে পুলিশের তৎপরতায় বড়সড় বিপদের আগেই উদ্ধার করা সম্ভব হয়েছে নাবালিকাকে। চাইল্ড হেল্পলাইনের ইমেল এবং ১০০ ডায়ালে খবর পাওয়ার পর মাত্র এক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে বড়তলা থানার পুলিশ। ঘটনায় কিশোরীর পরিচিত যুবক-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাবুল নামে এক যুবক ওই কিশোরীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছিল। অভিযোগ, পরে তাকে কলকাতায় নিয়ে এসে শাহরুখ নামে আর এক যুবকের হাতে তুলে দেওয়া হয়। সোনাগাছির একটি ঘরে নাবালিকাকে রাখা হয়েছিল বলে তদন্তকারীদের দাবি।খবর পেয়েই বড়তলা থানার একটি বিশেষ দল সোনাগাছিতে পৌঁছে যায়। এলাকায় একাধিক বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি বিভিন্ন ঘরে খোঁজ শুরু করেন পুলিশকর্মীরা। দীর্ঘ তল্লাশির পর ১৯, দুর্গাচরণ মিত্র স্ট্রিটের একটি ঘর থেকে উদ্ধার করা হয় কিশোরীকে। পরিচয় নিশ্চিত করার পর তাকে নিরাপদ হেফাজতে নেয় পুলিশ।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নাবালিকাকে ব্যবহার করে দেহব্যবসার মাধ্যমে অর্থ উপার্জনের পরিকল্পনা করা হয়েছিল। ঘটনায় শ্যামনগরের বাসিন্দা বাবুল ওরফে শফিকুল মোল্লা এবং সোনাগাছির শাহরুখ ওরফে শাহরুল লষ্করকে গ্রেফতার করা হয়েছে।ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, পকসো এবং অনৈতিক পাচারবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। অপহরণ, মানবপাচার, শিশুকে দেহব্যবসায় ব্যবহারের উদ্দেশ্যে পাচার এবং যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগও রয়েছে।শনিবার ধৃত দু’জনকে আদালতে পেশ করা হলে তাঁদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারীরা। এই ঘটনার পিছনে আরও কেউ রয়েছে কি না, সোনাগাছিকে কেন্দ্র করে কোনও বড় পাচারচক্র সক্রিয় কি না এবং নেপথ্যে অন্য কোনও ব্যক্তির ভূমিকা রয়েছে কি না—সবই খতিয়ে দেখা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *