প্রসেনজিৎ ধর,কলকাতা :-দীর্ঘদিন ধরে তাঁর কোনও হদিস মিলছিল না। মাথার উপর ঝুলছিল একাধিক মামলা। বিভিন্ন মামলায় আগাম রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থও হয়েছিলেন বার বার। অবশেষে জমি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রক্ষাকবচ পাওয়ার পর শনিবার সিআইডির দফতরে হাজিরা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। সকাল ১০টার কিছু আগে ভবানী ভবনে পৌঁছন তিনি। এরপর থেকেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।শুক্রবারই সুমিতের নিউ আলিপুরের বাড়িতে গিয়ে হাজিরার নোটিস দিয়ে এসেছিল সিআইডি। শনিবার সকাল ১০টার মধ্যে ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই এ দিন তদন্তকারীদের মুখোমুখি হন সুমিত।
জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় সুমিতের বিরুদ্ধে শালবনি থানায় অভিযোগ দায়ের হয়েছিল। তাঁকে খুঁজতে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও পৌঁছেছিল পুলিশ। মাঝরাতে বাড়ির তালা ভেঙে তল্লাশি চালানোর ঘটনাও সামনে এসেছিল। যদিও সুমিতের সন্ধান পাওয়া যায়নি।এরপর শালবনি এবং বিষ্ণুপুরের মামলার তদন্তভার নেয় সিআইডি। তদন্তের প্রয়োজনে সুমিতের বাড়িতেও গিয়েছিলেন তদন্তকারীরা। কিন্তু তাঁর দেখা মেলেনি। পরে পৃথক মামলায় আদালতের দ্বারস্থ হন অভিষেকের আপ্তসহায়ক।
চাকরি দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাই কোর্ট থেকে তদন্তে সহযোগিতার শর্তে সাময়িক রক্ষাকবচ পেয়েছিলেন সুমিত। আদালতের নির্দেশ ছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তকারী সংস্থার সামনে তাঁকে হাজির হতে হবে। অন্যদিকে, জমি দুর্নীতি মামলায় তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায়।হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান সুমিত। শীর্ষ আদালত পরবর্তী শুনানি পর্যন্ত তাঁকে গ্রেফতার না করার নির্দেশ দেয়। একই সঙ্গে তদন্তে সহযোগিতার নির্দেশও দেওয়া হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তদন্তকারী সংস্থা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে।
সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই শুক্রবার সুমিতের বাড়িতে নোটিস দিতে যায় সিআইডি। আর তার পরের দিনই ভবানী ভবনে হাজিরা দিলেন তিনি।তবে সুমিতের বিরুদ্ধে এখনও আরও দু’টি মামলা রয়েছে। ওই দুই মামলায় গ্রেফতারির আশঙ্কায় তিনি কলকাতা হাই কোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন। দ্রুত শুনানির আর্জিও জানানো হয়। কিন্তু শুক্রবার সেই আবেদন খারিজ করে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ জানিয়ে দেয়, মামলাটি তালিকা অনুযায়ীই শোনা হবে। ফলে আপাতত ওই দুই মামলায় সুমিতের আইনি অবস্থার দিকেও নজর রয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal