দেবরীনা মণ্ডল সাহা :-কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদ, কর্মসংস্থানের দাবি, চার শ্রম কোড বাতিল এবং সামাজিক সুরক্ষার দাবিতে বামপন্থীদের দেশব্যাপী ‘আইন অমান্য’ ও ‘জেল ভরো’ আন্দোলন ঘিরে সোমবার উত্তপ্ত হয়ে উঠল আসানসোল। পুলিশ লাইন সংলগ্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধস্তাধস্তির ঘটনায় ছড়ায় তীব্র উত্তেজনা। একের পর এক ব্যারিকেড পেরিয়ে এগোনোর চেষ্টা ঘিরে পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।এদিন আসানসোলের শতাব্দী পার্ক থেকে জিটি রোড ধরে মিছিল শুরু করেন বাম কর্মী-সমর্থকেরা। মিছিল ভগৎ সিং মোড়ে পৌঁছতেই পুলিশের প্রথম ব্যারিকেডের মুখে পড়ে। আন্দোলনকারীরা সেই বাধা সরিয়ে এগিয়ে যান। এরপর পুলিশ লাইনের সামনে তৈরি করা দ্বিতীয় ব্যারিকেডও ভেঙে ফেলা হয় বলে অভিযোগ।এরপর দক্ষিণ পুলিশ ফাঁড়ির কাছে তৃতীয় ব্যারিকেড তৈরি করে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। বিশাল সংখ্যক পুলিশকর্মী দিয়ে তৈরি সেই ব্যারিকেডের সামনে পৌঁছে আন্দোলনকারীরা তা টপকে যাওয়ার চেষ্টা করেন। তখনই পুলিশের সঙ্গে তাঁদের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই জলকামান, দমকল এবং অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।
ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও সরব হন সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তাঁর দাবি, সাধারণ মানুষের স্বার্থ ও সংবিধান রক্ষার দাবিতেই শ্রমিক, কৃষক, খেতমজুর থেকে শুরু করে সমাজের বিভিন্ন অংশের মানুষ রাস্তায় নেমেছেন।
মীনাক্ষীর অভিযোগ, সরকারি নীতির কারণে সাধারণ মানুষ একাধিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। রেশন তালিকা থেকে নাম বাদ পড়া, হকার উচ্ছেদ, কোলিয়ারি ও ইস্পাত কারখানা বন্ধ হওয়া, বিদ্যুতের দাম বৃদ্ধি এবং নারী নির্যাতনের মতো একাধিক বিষয় নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, পুলিশি নিরাপত্তা বা ব্যারিকেড দিয়ে এই ক্ষোভকে দীর্ঘদিন আটকে রাখা সম্ভব নয়।পরিস্থিতি উত্তপ্ত হওয়ার মধ্যেই মীনাক্ষী মুখোপাধ্যায়, সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পার্থ মুখোপাধ্যায়-সহ একাধিক বাম নেতা-নেত্রীকে আটক করে পুলিশ। পরে তাঁদের বাস এবং প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।অন্যদিকে, একই দিনে বাঁকুড়ার জেলাশাসকের দফতর চত্বরেও বামেদের ‘আইন অমান্য’ কর্মসূচিকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। দুই জায়গাতেই বাম কর্মসূচিকে ঘিরে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
Hindustan TV Bangla Bengali News Portal