Breaking News

হালিশহরের পর এবার শ্যামবাজার! নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে মমতাকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান, তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- হালিশহরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কলকাতার শ্যামবাজারে উত্তেজনা। মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করে ফেরার পথে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ফের ‘চোর চোর’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগের আঙুল বিজেপির কর্মী-সমর্থকদের দিকে। বিক্ষোভকারীদের মুখে শোনা যায়, “যার হাতে কালি লেগেছে, সে নেতাজির গলায় মালা দেবে না।” এই ঘটনাকে কেন্দ্র করে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে তৈরি হয় তীব্র উত্তেজনা।নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপির তরফে করা কথিত আপত্তিকর মন্তব্য ও অসম্মানের প্রতিবাদে মঙ্গলবার শ্যামবাজারে কর্মসূচির আয়োজন করেছিল কালীঘাট তৃণমূল। সেই কর্মসূচিতে সরাসরি অংশ নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে মঞ্চে ছিলেন দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন-সহ একাধিক শীর্ষ নেতা-নেত্রী। কর্মসূচি চলাকালীন বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবি হাতে নিয়ে তাঁকে শ্রদ্ধা জানান মমতা।এরই মধ্যে প্রতিবাদ সভার কাছাকাছি আচমকাই একদল মানুষ জড়ো হন। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। মুহূর্তের মধ্যে সভাস্থলে হইচই শুরু হয়ে যায়। পরিস্থিতি ঘিরে রাজনৈতিক চাপানউতোরও তুঙ্গে ওঠে।তৃণমূলের অভিযোগ, বিজেপির মদতপুষ্ট কিছু লোক পরিকল্পিতভাবে দলীয় কর্মসূচি বানচাল করার চেষ্টা করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কুরুচিকর স্লোগান তুলে তাঁকে অসম্মান করতেই এই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল বলে দাবি তৃণমূলের।উল্লেখ্য, মাত্র দু’দিন আগেই হালিশহরে একই ধরনের পরিস্থিতির মুখে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। থানার হেফাজতে মৃত্যু হওয়া এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন তিনি। হালিশহরে পৌঁছতেই তাঁকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান ওঠে বলে অভিযোগ। এমনকি তাঁর কনভয় ঘিরে ধরে গাড়ি লক্ষ্য করে কাদা ও জুতো ছোড়ার অভিযোগও ওঠে। গাড়ির কাচে কাদা লেপে দেওয়ার ঘটনাও সামনে আসে।
হালিশহরের সেই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা নিজেও। তাঁর দাবি ছিল, পুলিশের সামনে এমন হামলার ঘটনা আগে কখনও দেখেননি তিনি। “আমার তো মাথা ফেটে যেত! আমরা সবাই মরে যেতাম!”—বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। একইসঙ্গে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। তাঁর অভিযোগ, পুলিশ নীরব থেকে বিজেপিকেই সুরক্ষা দিচ্ছে। হালিশহরের পর এবার শ্যামবাজার—পরপর দু’দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ‘চোর’ স্লোগানের ঘটনায় ফের প্রকাশ্যে এল রাজ্যের রাজনৈতিক উত্তাপ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *