Breaking News

অন্নপূর্ণা যোজনায় বড় বদল! ১০ হাজারের বেশি আয় হলেই বাদ, ‘ঘরের নিয়মে’ ছাড়—৩ হাজার টাকা পেতে নতুন শর্ত

প্রসেনজিৎ ধর,কলকাতা :-অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। আগামী ১৭ অগস্ট থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে অগস্ট মাসের ৩ হাজার টাকা। একই সঙ্গে প্রকল্পের উপভোক্তা বাছাইয়ের কয়েকটি নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলাদের ক্ষেত্রে বাড়িতে ঘরের সংখ্যার যে শর্ত ছিল, তা কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের এই সিদ্ধান্তের ফলে আগামী মাস থেকে অন্নপূর্ণা যোজনার আওতায় আরও বেশি সংখ্যক গ্রামীণ মহিলা আসতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জুলাই মাস পর্যন্ত যে সমস্ত আবেদন জমা পড়েছে, সেগুলির ভেরিফিকেশন প্রক্রিয়াও প্রায় শেষের পথে।নতুন নিয়ম অনুযায়ী, গ্রামীণ এলাকায় বাড়িতে তিনটির বেশি ঘর থাকলেও এবার যোগ্য মহিলারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। আগে এই সংক্রান্ত নিয়মের কারণে বেশ কিছু যোগ্য মহিলা প্রকল্পের আওতার বাইরে থেকে যাচ্ছিলেন বলে অভিযোগ উঠেছিল। সেই বিষয়টি মাথায় রেখেই নিয়ম শিথিল করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।তবে প্রকল্পের ক্ষেত্রে আয়ের সীমা অপরিবর্তিত থাকছে। কোনও মহিলার মাসিক আয় ১০ হাজার টাকার বেশি হলে তিনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। প্রকৃত উপভোক্তাদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতে এই শর্ত রাখা হয়েছে।অন্নপূর্ণা যোজনায় ২৫ থেকে ৬০ বছর বয়সি যোগ্য মহিলাদের মাসে ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। রাজ্যে সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি অনুযায়ী প্রকল্প চালু করা হয়েছে। সরকারের দাবি, ইতিমধ্যেই বিপুল সংখ্যক মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন,| সরকারি পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসে প্রায় ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছেছিল। জুলাই মাসে সেই সংখ্যা বেড়ে প্রায় ১ কোটি ১৯ লক্ষ হয়েছে। অগস্টে উপভোক্তার সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুধু অন্নপূর্ণা যোজনাই নয়, অন্য সরকারি প্রকল্প থেকে ভাতা পাওয়া মহিলাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও মহিলা অন্য কোনও সরকারি ভাতা পেলেও সেই টাকার পরিমাণ যদি ৩ হাজার টাকার কম হয়, তাহলে তিনি অন্নপূর্ণা যোজনার মাধ্যমে ৩ হাজার টাকা পাওয়ার সুযোগ পাবেন।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁদের আবেদন যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে, তাঁদের আর দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। আগামী মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। জেলা ধরে ধরে অর্থ দফতর টাকা ট্রান্সফার করবে।ফলে একদিকে যেমন ১৭ অগস্ট থেকে অগস্ট মাসের টাকা পাওয়ার অপেক্ষা শেষ হচ্ছে, তেমনই নিয়ম শিথিল হওয়ায় আগামী দিনে আরও বেশি সংখ্যক মহিলা এই প্রকল্পের আওতায় আসতে চলেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *