প্রসেনজিৎ ধর, কলকাতা :- নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য বা অপপ্রচার কোনওভাবেই বরদাস্ত করা হবে না। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেতাজিকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের আবহে রাজ্য সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েই এগোবে বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি।
নেতাজি ও আজাদ হিন্দ ফৌজকে নিয়ে গত কয়েক দিনে সমাজমাধ্যমে একাধিক বিতর্কিত মন্তব্য সামনে এসেছে। এর মধ্যে বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ভারতকে স্বাধীন করার ক্ষেত্রে নেতাজির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে বিরোধী দলগুলিও বিজেপি নেতৃত্বের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে।এই পরিস্থিতিতে বুধবার সাংবাদিক বৈঠকে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির বিধায়কেরা। মুখ্যমন্ত্রী জানান, নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের অন্যতম মহান দেশপ্রেমিক। তাঁকে নিয়ে সমাজমাধ্যমে অপমানজনক মন্তব্য বা অপপ্রচার চালানো হলে প্রশাসন প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করবে।
শুভেন্দু অধিকারী বলেন, নেতাজিকে নিয়ে আপত্তিকর পোস্ট এবং মন্তব্যের বিষয়ে ব্যবস্থা নিতে রাজ্যের সাইবার সেলকে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু সমাজমাধ্যমের পোস্ট নজরে রাখাই নয়, প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রীর স্পষ্ট হুঁশিয়ারি, নেতাজিকে নিয়ে কুকথা বললে কেউ আইনের হাত থেকে রেহাই পাবেন না। ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী গ্রেফতারের নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান তিনি।যাঁরা ইতিমধ্যেই নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য বা পোস্ট করেছেন, তাঁদের অবিলম্বে ক্ষমা চাওয়ার পাশাপাশি সেই সমস্ত পোস্ট মুছে ফেলার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, পোস্ট মুছে ফেললেই আইনি পদক্ষেপ থেকে রেহাই মিলবে—এমনটা ভাবার কোনও কারণ নেই।মুখ্যমন্ত্রীর বক্তব্য, নেতাজির মতো জাতীয় বীরকে নিয়ে অসম্মানজনক মন্তব্যের ক্ষেত্রে কোনও রাজনৈতিক পরিচয় বা রং দেখা হবে না। অভিযোগের ভিত্তিতে আইন মেনেই পদক্ষেপ করবে পুলিশ। এই ইস্যুতে রাজ্য সরকারের অবস্থান যে কঠোর, বুধবারের সাংবাদিক বৈঠক থেকেই তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Hindustan TV Bangla Bengali News Portal