Breaking News

‘নির্মল ঘোষ গ্রেফতার, তাহলে মমতা কেন বাদ?’ অভয়া-কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রেফতারির দাবিতে সরব অগ্নিমিত্রা

প্রসেনজিৎ ধর, কলকাতা :-তিলোত্তমা-কাণ্ডে একের পর এক গ্রেফতারির আবহে এবার সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি তুললেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার তিলোত্তমার দেহ দ্রুত দাহ করার অভিযোগে নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। এই গ্রেফতারিকে কেন্দ্র করেই মমতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন অগ্নিমিত্রা।
অভয়া প্রসঙ্গে অগ্নিমিত্রার অভিযোগ, ঘটনার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়েরও দায়িত্ব ছিল। তাঁর প্রশ্ন, নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি হলে তৎকালীন মুখ্যমন্ত্রীকে কেন তদন্তের আওতার বাইরে রাখা হবে? অগ্নিমিত্রার দাবি, ঘটনার সময় পুলিশের ভূমিকা এবং তিলোত্তমার পরিবারের সঙ্গে প্রশাসনের আচরণ নিয়েও তৎকালীন সরকারের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন।পুরমন্ত্রীর বক্তব্য, “নির্মল ঘোষ গ্রেফতার হলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করা দরকার। কারণ, সেই সময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন।” তাঁর অভিযোগ, তিলোত্তমার মৃত্যুর পর গোটা ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। সেই প্রশ্নগুলির উত্তর খুঁজতে তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়ার দাবি জানান তিনি।
উল্লেখ্য, গত ৯ আগস্ট পানিহাটিতে অভয়ার স্মরণসভা থেকে পুলিশকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, নতুন করে মামলা শুরু করে দ্রুত অ্যাকশনে নামতে হবে এবং অভয়ার বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এর পরেই তিলোত্তমার বাবার অভিযোগের ভিত্তিতে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় ও সোমনাথ দে-র বিরুদ্ধে নতুন করে মামলা হয়। বৃহস্পতিবার সকালে ওড়িশা থেকে নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়। পরে রাতে সঞ্জীব মুখোপাধ্যায়কেও গ্রেফতার করে পুলিশ। তবে এখনও পর্যন্ত সোমনাথ দে-র সন্ধান মেলেনি।
এই পরিস্থিতিতে তিলোত্তমা-কাণ্ডে তদন্ত যত এগোচ্ছে, ততই রাজনৈতিক চাপানউতোরও বাড়ছে। নির্মল ও সঞ্জীবের গ্রেফতারির পর এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও তদন্তের দাবি তুলে নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন অগ্নিমিত্রা পাল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *