দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বদলের বাংলায় কালীঘাট মন্দিরের নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় পরিবর্তন। মন্দির চত্বর ও দর্শনার্থীদের নিরাপত্তা আরও জোরদার করতে এবার পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার রাতে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। কলকাতা পুলিশের ইতিহাসে এই প্রথম কোনও ধর্মীয় স্থানের নিরাপত্তার জন্য আলাদা পুলিশ ফাঁড়ি গঠনের উদ্যোগ বলে জানানো হয়েছে।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থী কালীঘাট মন্দিরে আসেন। তাঁদের নিরাপত্তা, মন্দির চত্বরে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলার লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা। পাশাপাশি নাশকতা বা জঙ্গি হামলার মতো সম্ভাব্য হুমকির বিষয়টিও মাথায় রাখা হয়েছে।
পুলিশ কমিশনারের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, অতীতে কালীঘাট মন্দিরকে ঘিরে একাধিক নিরাপত্তাজনিত ঝুঁকি সামনে এসেছে। সেই অভিজ্ঞতা থেকে মন্দির ও সংলগ্ন এলাকার নিরাপত্তা পরিকাঠামো আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে। সেই কারণেই পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, একজন ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে মোট ২০ জন পুলিশকর্মী এই ফাঁড়িতে দায়িত্বে থাকবেন। তাঁদের মধ্যে থাকবেন দু’জন সাব-ইনস্পেক্টর বা সার্জেন্ট, আট জন কনস্টেবল এবং পাঁচ জন মহিলা কনস্টেবল। মন্দিরে আসা মহিলা দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।
নতুন পুলিশ ফাঁড়িটি কালীঘাট থানার অধীনেই কাজ করবে। প্রশাসনিক দায়িত্বে থাকবেন একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক। গোটা নিরাপত্তা ব্যবস্থার তদারকি করবেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ)।
নতুন এই উদ্যোগ কার্যকর হলে কালীঘাট মন্দিরের নিরাপত্তা ব্যবস্থায় আরও সমন্বয় তৈরি হবে বলে মনে করছে পুলিশ। দর্শনার্থীদের নিরাপত্তা থেকে শুরু করে মন্দির চত্বরে আইনশৃঙ্খলা—সবদিকেই নজরদারি আরও জোরদার করার লক্ষ্য নিয়েই এই পৃথক ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত।
Hindustan TV Bangla Bengali News Portal