Breaking News

রেড রোডে স্বাধীনতা দিবসের ডিউটিতে মোবাইল নিষেধ! ভিডিও-সেলফি নয়, নজরদারিতেই চোখ রাখার নির্দেশ লালবাজারের

প্রসেনজিৎ ধর, কলকাতা :-১৫ অগস্ট কলকাতার রেড রোডে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান। ভিভিআইপি ও ভিআইপি অতিথিদের উপস্থিতি, কুচকাওয়াজ এবং বিপুল জনসমাগমকে সামনে রেখে নিরাপত্তায় কোনওরকম ফাঁক রাখতে চাইছে না কলকাতা পুলিশ। সেই কারণেই রেড রোডে কর্তব্যরত পুলিশকর্মীদের জন্য জারি করা হয়েছে একাধিক কড়া নির্দেশ।লালবাজারের নির্দেশ অনুযায়ী, ডিউটির সময় কোনও পুলিশকর্মী মোবাইল ফোনে ব্যস্ত থাকতে পারবেন না। অনুষ্ঠান চলাকালীন ছবি তোলা, ভিডিও করা কিংবা সেলফি তোলার মতো কাজ থেকেও সম্পূর্ণ বিরত থাকতে হবে তাঁদের। কর্তব্যরত পুলিশকর্মীদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—তাঁরা অনুষ্ঠানের দর্শক নন, তাঁদের প্রথম দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা।রেড রোডে মোতায়েন পুলিশকর্মীদের সবসময় চারপাশের পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে। ভিড়ের মধ্যে সন্দেহজনক গতিবিধি, কোনও পরিত্যক্ত বস্তু কিংবা অস্বাভাবিক আচরণ চোখে পড়লেই দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে। কয়েক মিনিটের অসতর্কতাও যাতে বড় নিরাপত্তা সমস্যার কারণ না হয়ে ওঠে, সে কারণেই মোবাইল ব্যবহারে এই কড়াকড়ি।স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা কলকাতাতেই বাড়ানো হয়েছে নিরাপত্তা। লালবাজার সূত্রে খবর, শহরজুড়ে প্রায় ৬,০০০ পুলিশকর্মী মোতায়েন থাকবেন। রেড রোডকে একাধিক নিরাপত্তা জোনে ভাগ করে নজরদারি চালানো হবে। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে থাকবে চেকপোস্ট, গাড়িতে তল্লাশি, ওয়াচটাওয়ার এবং সিসিটিভি নজরদারি।
সাম্প্রতিক সময়ে কলকাতা ও শহরের উপকণ্ঠে জঙ্গি এবং পাক গুপ্তচরচক্রের সঙ্গে যোগ থাকার সন্দেহে একাধিক গ্রেফতারের পর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ঘিরে বাড়তি সতর্কতা রয়েছে। গোয়েন্দা সতর্কবার্তার পর নিরাপত্তার বলয় আরও শক্ত করা হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর।শুধু অনুষ্ঠান চলাকালীন নয়, অনুষ্ঠান শেষ হওয়ার পরও পুলিশকর্মীদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী ও অন্যান্য ভিআইপি-রা রেড রোড ছেড়ে যাওয়ার সময় দর্শকদের গতিবিধির উপর নজর রাখতে হবে। অতীতে অনুষ্ঠান শেষে দর্শকদের একাংশ রাস্তার দিকে এগিয়ে আসার ঘটনা ঘটেছে। এবার যাতে কোনওভাবেই সেই পরিস্থিতি তৈরি না হয়, সেদিকেও বিশেষ নজর থাকবে পুলিশের।সব মিলিয়ে ১৫ অগস্ট রেড রোডে কর্তব্যরত পুলিশকর্মীদের জন্য লালবাজারের বার্তা স্পষ্ট—মোবাইলের স্ক্রিনে নয়, নজর রাখতে হবে চারপাশে। অনুষ্ঠানের আনন্দ নয়, নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁদের একমাত্র অগ্রাধিকার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *