Breaking News

সম্প্রীতির অনন্য নজির বাংলায়! স্বাধীনতা দিবসে ডোমকলের মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন বেলুড় মঠের মহারাজের, সম্প্রীতির বার্তা ৪৮০ ফুটের তেরঙ্গা মিছিলেও

প্রসেনজিৎ ধর :-স্বাধীনতা দিবসে সম্প্রীতির অনন্য নজির তৈরি হল মুর্শিদাবাদের ডোমকলে। বাংলাদেশ সীমান্তঘেঁষা এই এলাকায় জামিয়া আরাবিয়া বাহরুল উলুম মাদ্রাসার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলুড় মঠের সন্ন্যাসী স্বামী পরমানন্দ মহারাজ। তাঁর হাতেই উত্তোলিত হল জাতীয় পতাকা। মাদ্রাসার পড়ুয়া, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে অনুষ্ঠানে ফুটে উঠল সম্প্রীতি ও ঐক্যের বার্তা।স্বাধীনতা দিবস উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পতাকা উত্তোলনের পর স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সকলে। বেলুড় মঠের সন্ন্যাসীর উপস্থিতিতে পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যেও ছিল বিশেষ উৎসাহ।অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের আদর্শ এবং শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরেন স্বামী পরমানন্দ মহারাজ। তিনি বলেন, “স্বামী বিবেকানন্দ যে আদর্শ চেয়েছিলেন, তার প্রতিফলন এই মাদ্রাসায় রয়েছে। আমরা চাই, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আরও গড়ে উঠুক। এখানে পড়াশোনার পাশাপাশি জ্ঞান ও আদর্শের শিক্ষাও দেওয়া হয়।”মাদ্রাসার শিক্ষাব্যবস্থার প্রশংসা করে তিনি আরও বলেন, “মাদ্রাসায় আধ্যাত্মিকতা ও সাধন-ভজনের ব্যবস্থাও রয়েছে, যা অন্যত্র দেখা যায় না। এই ধরনের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠলে শিক্ষা জগৎ আরও বড় হবে। মানুষ জ্ঞান অর্জনের সুযোগ পাবে।”মাদ্রাসা কর্তৃপক্ষের অভ্যর্থনায় আপ্লুত স্বামী পরমানন্দ মহারাজ বলেন, “প্রত্যন্ত এলাকায় এত সুন্দর মাদ্রাসা এবং এত বাচ্চাকে পড়াশোনা করতে দেখে ভালো লাগল।”স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন ডোমকল শহরেও বের হয় সম্প্রীতির মিছিল। ৪৮০ ফুট দীর্ঘ জাতীয় পতাকা হাতে মিছিলে পা মেলান মাদ্রাসার পড়ুয়া, মৌলানা, শিক্ষক এবং এলাকার সাধারণ মানুষ। তাঁদের সঙ্গে মিছিলে অংশ নেন স্বামী পরমানন্দ মহারাজও। শহরের পথে বিশাল জাতীয় পতাকা নিয়ে এই মিছিল স্বাধীনতা, ঐক্য এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বেলুড় মঠের সন্ন্যাসীর উপস্থিতি এবং তাঁর হাতে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ইতিমধ্যেই বিশেষ তাৎপর্য তৈরি করেছে। শিক্ষা, আধ্যাত্মিকতা ও সম্প্রীতির বার্তা সামনে রেখে ডোমকলের এই আয়োজন স্বাধীনতা দিবসের উদযাপনে এক অন্য মাত্রা যোগ করেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *