দেবরীনা মণ্ডল সাহা :-চারদিকে জল। টানা বৃষ্টিতে জলের তলায় স্কুলে যাওয়ার রাস্তা থেকে শুরু করে গোটা স্কুল চত্বর। হেঁটে স্কুলে পৌঁছনোর কোনও উপায় নেই। কিন্তু স্বাধীনতা দিবসের আবেগে সেই প্রতিকূলতাও হার মানল সবংয়ের চাঁদাগোবরা প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের কাছে। স্কুল চত্বর জলমগ্ন থাকায় নৌকায় চেপেই জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিল কচিকাঁচারা।
শনিবার দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো সবংয়ের চাঁদাগোবরা প্রাথমিক বিদ্যালয়েও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু টানা বৃষ্টিতে পরিস্থিতি বদলে যায়। স্কুলে যাওয়ার রাস্তা এবং বিদ্যালয় চত্বর জলের তলায় চলে যাওয়ায় তৈরি হয় সমস্যা। এমনকি স্কুলের ভিতরে দাঁড়িয়ে অনুষ্ঠান করার মতো পরিস্থিতিও ছিল না।তবে পরিস্থিতির কাছে হার মানতে রাজি ছিল না পড়ুয়ারা। স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে একটি নৌকার ব্যবস্থা করা হয়। সেই নৌকায় চেপেই স্কুলের সামনে পৌঁছয় খুদে পড়ুয়ারা। কারও হাতে জাতীয় পতাকা, কেউ আবার নৌকায় বসে, কেউ দাঁড়িয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেয়। জায়গা কম থাকায় গাদাগাদি করেই নৌকায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাদের।জাতীয় পতাকা উত্তোলনের সময় জলে ঘেরা স্কুল চত্বরেই ভেসে ওঠে দেশপ্রেমের অন্যরকম ছবি। নৌকায় বসেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপভোগ করে পড়ুয়ারা। তাদের কণ্ঠে শোনা যায় ‘বন্দে মাতরম’ স্লোগান। মহাত্মা গান্ধী ও ভগৎ সিংয়ের নামেও জয়ধ্বনি দিতে দেখা যায় খুদেদের।
নৌকায় চেপে খুদেদের এই অভিনব স্বাধীনতা দিবস উদযাপন দেখতে স্কুলের কিছুটা দূরে জড়ো হন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও। জলমগ্নতার কারণে স্বাভাবিক জীবনযাত্রা কার্যত থমকে গেলেও জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা এবং স্বাধীনতা দিবসের আবেগে কোনও ঘাটতি ছিল না পড়ুয়াদের।
সবংয়ের চাঁদাগোবরা প্রাথমিক বিদ্যালয়ের এই ছবি যেন আরও একবার দেখিয়ে দিল—দেশপ্রেমের সামনে প্রতিকূলতাও শেষ পর্যন্ত হার মানে। চারপাশে জল থাকলেও স্বাধীনতার আবেগে ভাসল গোটা স্কুল চত্বর।
Hindustan TV Bangla Bengali News Portal