দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিজেপির সর্বভারতীয় স্তরে নতুন দায়িত্ব পাওয়ার পরই সংগঠনে বড়সড় রদবদল করেছেন দলের সভাপতি নীতীন নবীন। সোমবার প্রকাশ্যে এসেছে নতুন কেন্দ্রীয় টিমের তালিকা। আর সেই তালিকাতেই বাংলার জন্য রয়েছে বিশেষ চমক। বঙ্গ বিজেপির দুই নেতা জায়গা পেয়েছেন ‘টিম নবীন’-এ। তাঁদের মধ্যে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা পরিচিত মুখ হলেও, চিকিৎসক মধুছন্দা কর এত দিন সংগঠনের অন্দরেই সক্রিয় ছিলেন। এবার তাঁকে জাতীয় স্তরে বড় দায়িত্ব দেওয়া হল। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি হয়েছেন মধুছন্দা কর।পেশায় চিকিৎসক মধুছন্দা কর দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে যুক্ত। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে তাঁর যোগাযোগ। বর্তমানে কলকাতার পরিচিত ক্যানসার বিশেষজ্ঞদের মধ্যে অন্যতম তিনি। চিকিৎসার পাশাপাশি বিজেপির সংগঠনেও সক্রিয় ভূমিকা পালন করেছেন মধুছন্দা।১৯৬১ সালের ৪ জুলাই জন্ম মধুছন্দা করের। তিনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। কলকাতা মেডিক্যাল কলেজের প্রাক্তনী মধুছন্দা বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে অঙ্কোলজি বিভাগের চিকিৎসক হিসেবে কর্মরত। ক্যানসারের মতো মারণরোগের চিকিৎসায় দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি।২০২১ সালে বিজেপির রাজ্য কমিটিতে জায়গা পান মধুছন্দা। পরে রাজ্য বিজেপির সহ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। শুধু রাজ্যস্তরের সংগঠন নয়, বুথ স্তরেও কাজ করেছেন তিনি। এমনকি নির্বাচনের সময় পোলিং এজেন্টের দায়িত্বও সামলেছেন এই বিশিষ্ট চিকিৎসক। বর্তমানে তিনি রাজ্য বিজেপির চিকিৎসক সেলের সভাপতি।
চিকিৎসাক্ষেত্রে মধুছন্দা করের কেরিয়ারও যথেষ্ট উজ্জ্বল। উচ্চশিক্ষার পাশাপাশি একাধিক ফেলোশিপ অর্জন করেছেন তিনি। ক্যানসার চিকিৎসায় দীর্ঘদিনের অভিজ্ঞতার পাশাপাশি একাধিক বিষয়ে ডক্টরেট ডিগ্রিও রয়েছে তাঁর। বর্তমানে বাইপাস সংলগ্ন একটি নামী বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত তিনি। কলকাতার চিকিৎসক মহলে অঙ্কোলজিস্ট হিসেবে তাঁর যথেষ্ট পরিচিতি রয়েছে।
চিকিৎসার পাশাপাশি বিজেপির সংগঠন ও জনসেবামূলক কাজেও নিজেকে যুক্ত করেছেন মধুছন্দা। রাজ্য বিজেপির চিকিৎসক সংগঠনের সভাপতি হিসেবে বিভিন্ন কর্মসূচিতেও সক্রিয় থেকেছেন। বেহালা পশ্চিমের বিধায়ক তথা রাজ্য যুব মোর্চার নেতা ইন্দ্রনীল খাঁয়ের সঙ্গেও সংগঠনের কাজে যুক্ত রয়েছেন তিনি।এবার সেই মধুছন্দা করের উপরই আস্থা রাখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। রাজ্যস্তরের দায়িত্ব থেকে সরাসরি জাতীয় সংগঠনের গুরুত্বপূর্ণ পদে উন্নীত হলেন তিনি। ফলে চিকিৎসক হিসেবে পেশাগত দায়িত্বের পাশাপাশি এবার জাতীয় রাজনীতিতেও তাঁর ভূমিকা আরও বাড়তে চলেছে।’টিম নবীন’-এ বাংলার আর এক গুরুত্বপূর্ণ মুখ মনোজ টিগ্গা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার থেকে জয়ী এই সাংসদ উত্তরবঙ্গের চা বলয়ের রাজনীতিতে পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে বিজেপির সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করেছেন তিনি। এবার তাঁকে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।মধুছন্দা কর ও মনোজ টিগ্গার মতো বাংলার দুই নেতাকে জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়াকে বঙ্গ বিজেপির কাছে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এক জন চিকিৎসাক্ষেত্র থেকে উঠে এসে সংগঠনে নিজের জায়গা তৈরি করেছেন, অন্য জন উত্তরবঙ্গের সংগঠনের দীর্ঘদিনের পরিচিত মুখ। এবার দু’জনের হাতেই জাতীয় সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
Hindustan TV Bangla Bengali News Portal