Breaking News

‘রাজ্য পুলিশে ভরসা নেই?’ আইপ্যাক মামলায় সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে ইডি, পাল্টা প্রশ্ন তৃণমূলের!

প্রসেনজিৎ ধর :-আইপ্যাক-কাণ্ডে ইডির তল্লাশি অভিযানে বাধা দেওয়ার অভিযোগে দায়ের মামলায় তদন্তকারী সংস্থা নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে শুরু হয়েছে নতুন টানাপড়েন। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত রাজ্য পুলিশের হাতে ছাড়া যায় কি না, মঙ্গলবার শুনানিতে সেই প্রশ্নই ওঠে। তবে শীর্ষ আদালতের প্রস্তাবে সম্মতি জানায়নি ইডি।বিচারপতি প্রশান্ত মিশ্র এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে মামলাটির শুনানি হয়। আদালতের তরফে জানতে চাওয়া হয়, তদন্তকারী সংস্থা বেছে নেওয়ার বিষয়টি রাজ্য সরকারের উপর ছেড়ে দেওয়া যায় কি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মেনকা গুরুস্বামী জানান, বর্তমানে রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। তাই রাজ্য সরকার চাইলে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে তদন্ত পুলিশ করবে, না অন্য কোনও সংস্থা।
এর পর বিচারপতি মিশ্র বলেন, তদন্ত রাজ্য সরকারের উপর ছেড়ে দেওয়া যেতে পারে এবং তারা পুলিশ না সিবিআই—কাকে দিয়ে তদন্ত করাবে, সেই সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু আদালতের এই প্রস্তাবে আপত্তি জানায় ইডি।ইডির আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, মামলার মূল আইনি প্রশ্নের নিষ্পত্তি হওয়া প্রয়োজন। তাঁর বক্তব্য, কোনও কর্মরত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠলে সেই তদন্ত রাজ্য পুলিশ করবে, না কি সিবিআই—সুপ্রিম কোর্টেরই তা স্পষ্ট করে দেওয়া উচিত।অন্যদিকে, সিবিআইয়ের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, মামলাটি রাজনৈতিক কারণে সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে—এমন কোনও অভিযোগ যেন ভবিষ্যতে না ওঠে। তাঁর বক্তব্য, সরকার পরিবর্তনের পর রাজনৈতিক উদ্দেশ্যে তদন্তভার সিবিআইকে দেওয়া হয়েছে, এমন ধারণা তৈরি না করেই আদালতের উচিত তদন্তকারী সংস্থা নির্ধারণ করা।এদিকে, ইডির দায়ের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন মেনকা গুরুস্বামী। তিনি জানান, এই বিষয়েও প্রয়োজন হলে তাঁরা আদালতে সওয়াল করবেন।
আগামী ২ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি রয়েছে। তদন্তের দায়িত্ব শেষ পর্যন্ত রাজ্য পুলিশ, সিবিআই না অন্য কোনও সংস্থার হাতে যায়, এখন সেদিকেই নজর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *