Breaking News

‘বাউল সংস্কৃতি ও শিক্ষার প্রসারে জমি ব্যবহার করতে চাই’! ৪ বিঘাজমি দখলের অভিযোগে জেলাশাসকের দ্বারস্থ পূর্ণদাস বাউল

প্রসেনজিৎ ধর :-বীরভূমের ইলামবাজারে নিজের জমি দখল হয়ে থাকার অভিযোগ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন বিশিষ্ট বাউলশিল্পী পূর্ণদাস বাউল। মঙ্গলবার ছেলে দিব্যেন্দু দাস বাউলকে সঙ্গে নিয়ে বীরভূমের জেলাশাসক ধবল জৈনের কাছে অভিযোগ জানান তিনি। জমিটি উদ্ধারের পাশাপাশি বাউল সংস্কৃতি ও শিক্ষার কাজে তা ব্যবহারের পরিকল্পনার কথাও জানিয়েছেন শিল্পী।পূর্ণদাস বাউলের দাবি, ইলামবাজারের কামারপাড়া এলাকায় তাঁর প্রায় চার বিঘা জমি রয়েছে। অভিযোগ, সুকুল টুডু নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই জমি দখল করে রেখেছেন। একাধিকবার বিষয়টি জানানো হলেও জমি এখনও তাঁর দখলে ফেরেনি বলে অভিযোগ।জমি উদ্ধারের দাবিতে এর আগেও প্রশাসনের বিভিন্ন স্তরে যোগাযোগ করেছিলেন পূর্ণদাস বাউল। তাঁর পরিবারের দাবি, জমিটি মাপজোক করে পরিস্থিতি খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হলেও শেষ পর্যন্ত তা আর এগোয়নি। ফলে নিজেদের জমি ফিরে পাওয়ার জন্য ফের প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা।পূর্ণদাস বাউল জানিয়েছেন, জমিটি ফিরে পেলে সেখানে বাউল সংস্কৃতির প্রসার এবং বাউলদের শিক্ষার জন্য বিভিন্ন কাজ করতে চান তাঁরা। তাঁর কথায়, এই জমি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, পূর্ণদাসের ছেলে দিব্যেন্দু দাস বাউল অভিযোগ করেছেন, আগের সরকারের আমলে প্রভাবশালী কয়েকজন নেতার মদত ছাড়া এলাকায় এই ধরনের ঘটনা ঘটত না। এই ঘটনায় অনুব্রত মণ্ডল এবং চন্দ্রনাথ সিংয়ের প্রত্যক্ষ মদত রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।বিষয়টি নিয়ে বীরভূমের জেলাশাসক ধবল জৈন জানিয়েছেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ণদাস বাউল ও তাঁর ছেলে তাঁর কাছে এসেছিলেন। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, ১৯৭৭ সালে ইলামবাজার থানার কামারপাড়া মৌজায় রাস্তার ধারে ওই চার বিঘা জমি কিনেছিলেন পূর্ণদাস বাউল। পরিবারের অভিযোগ, ২০০৬ সালের পর থেকেই ধীরে ধীরে জমিটির বিভিন্ন অংশ দখল হতে শুরু করে। দীর্ঘদিন ধরে জমি উদ্ধারের চেষ্টা চললেও এখনও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এবার প্রশাসনের হস্তক্ষেপে জমিটি ফিরে পাওয়ার আশায় রয়েছেন পূর্ণদাস বাউল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *