দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বন দফতরের কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অক্টোবর মাস থেকে রাজ্যের রেঞ্জ অফিসার, বিট অফিসার এবং ফরেস্ট গার্ডদের মাসিক বেতন ৫ হাজার টাকা করে বাড়ানো হবে। পাশাপাশি বনসহায়কদের ভাতাও বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার মোহরকুঞ্জে ‘সবুজ স্বাধীনতা’ কর্মসূচির সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘একটি গাছ মায়ের নামে’ ভাবনাকে সামনে রেখে পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রাজ্যজুড়ে ৫০ লক্ষ চারাগাছ রোপণের কর্মসূচি শুরু হয়েছে।মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, রাজ্যে কর্মরত প্রায় ৫০০ জন রেঞ্জ অফিসার এবং ৫০০ জন বিট অফিসারের বেতন অক্টোবর থেকে মাসে ৫ হাজার টাকা করে বাড়বে। একইভাবে প্রায় ৬৫০ জন ফরেস্ট গার্ডের বেতনও ৫ হাজার টাকা করে বৃদ্ধি করা হবে।বনসহায়কদের জন্যও রয়েছে সুখবর। প্রায় ১৫০০ জন বনসহায়কের মাসিক ভাতা ২ হাজার টাকা বাড়িয়ে ১২ হাজার টাকা করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এতদিন তাঁরা মাসে ১০ হাজার টাকা করে পেতেন।এদিন সুন্দরবন নিয়েও বড় পরিকল্পনার কথা জানান শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের উদ্যোগে সুন্দরবনে তিন কোটি ম্যানগ্রোভ গাছ লাগানো হবে বলে ঘোষণা করা হয়েছে। শীতের মরসুমে, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এই কর্মসূচির কাজ শুরু হবে।
পাশাপাশি আগামী বছর, অর্থাৎ ২০২৭ সালে রাজ্যজুড়ে ২০ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রার কথাও জানান মুখ্যমন্ত্রী। ‘জি রাম জি’-র মাধ্যমে ১২৫ দিনের কাজ দেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, নিয়ম মেনে কাজ হলে জবকার্ডধারীরা বছরে ৩৪,৫০০ টাকা পর্যন্ত পেতে পারেন এবং প্রায় ১২ হাজার কোটি টাকার কাজ করা সম্ভব হবে।
Hindustan TV Bangla Bengali News Portal